বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে

বহু বছর ধরে খ্যাতনামা পদবি থাকা সত্ত্বেও বাবার ছায়ায় না থেকে নিজের পথ তৈরি করেছেন ঋতি তিওয়ারি। ভোজপুরি তারকা ও বিজেপি রাজনীতিবিদ মনোজ তিওয়ারির মেয়ে ঋতি এ যাবৎ নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন। সংগীত, ব্যবসা ও রাজনীতির অঙ্গনে নিঃশব্দে কাজ করে যাওয়া ২৫ বছর বয়সী এই গায়িকা ও সুরকার এবার পা রাখছেন ভিন্ন আলোর দুনিয়ায়, সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হয়ে।

গায়িকা, গীতিকার, সুরকার, প্রযোজক ও উদ্যোক্তা ঋতি এমন এক মঞ্চে প্রবেশ করলেন, যেখানে ব্যক্তিগত গোপনীয়তার কোনও সুযোগ নেই। শোর প্রিমিয়ার প্রোমোতে বাবা মনোজ তিওয়ারির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় ঋতিকে, যাকে ভালোবেসে ‘জুনি’ নামেও ডাকা হয়। প্রিমিয়ারেই সঞ্চালক সালমান খান মনোজ তিওয়ারির ‘বিগ বস ৪’-এর স্মৃতি তুলে ধরে ঋতিকে মজার ছলে সতর্ক করে বলেন, ‘বাপ পে মত জানা’, অর্থাৎ বাবার ঝগড়াটে পথ অনুসরণ না করার পরামর্শ দেন। উল্লেখ্য, মনোজ তিওয়ারির সিজনটি ছিল বেশ উত্তপ্ত ও আলোচিত।

পরিবারের পরিচয় ছাড়াও সংগীতই ঋতির প্রধান পরিচয়। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া এবং গিটারে পারদর্শী ঋতি গান গাওয়া, লেখা ও সুর করার পাশাপাশি যৌথ প্রযোজনায় কাজ করেছেন। ২০২০ সালে পলাশ মুছালের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত রোমান্টিক ট্র্যাক ‘চলে আও’ দিয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে তার নিজস্ব লেখা, সুর করা ও গাওয়া সিন্থ-পপ ঘরানার গান ‘ঝুঠি বেবি’ মুক্তি পায়।

ব্যক্তিগত জীবনে ঋতি হলেন মনোজ তিওয়ারি ও তার প্রথম স্ত্রী রানী তিওয়ারির সন্তান। বাবা-মায়ের বিচ্ছেদের পর মুম্বাইয়ে মায়ের সঙ্গেই মূলত বড় হয়েছেন তিনি, তবে বাবা ও তার নতুন পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। মনোজ তিওয়ারির দ্বিতীয় পক্ষে সাণ্বিকা নামে আরও একটি কন্যাসন্তান রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে