সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের চোখে এক সময় ভবিষ্যতের বড় তারকা ছিলেন ‘বিগ বস ২০’-এর অন্যতম আলোচিত প্রতিযোগী কাজি তৌকীর। এমনকি কাজিকে তিনি বলেছিলেন, ‘তুমি ভারতের মাইকেল জ্যাকসন হতে পারো।’
তবে অরিজিৎয়ের সেই ভবিষ্যদ্বাণীকে তখন গুরুত্ব দেননি কাজি। কারণ তার লক্ষ্য ছিল অভিনয়ে বড় হওয়া।
২০০৫ সালের গানের রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ থেকেই কাজি ও অরিজিৎয়ের বন্ধুত্বের শুরু। ওই অনুষ্ঠানে অরিজিৎ সেরা পাঁচে জায়গা করে নিতে না পারলেও কাজির সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের নানা স্মৃতি তুলে ধরেছেন কাজি।
তিনি জানান, ‘ফেম গুরুকুল’-এর পর অরিজিৎ ‘দস কা দস’ নামের আরেকটি রিয়েলিটি শোতে অংশ নেন এবং ১০ লাখ রুপি পুরস্কার জেতেন। সেই অর্থ দিয়ে স্টুডিও তৈরির সরঞ্জাম কেনেন অরিজিৎ। পরে কাজিকে বাড়িতে ডেকে নিজের পরিকল্পনার কথা জানান।
কাজির ভাষায়, ‘আমি ওর চেয়ে বয়সে বড়, অথচ ওর চিন্তাভাবনা ছিল অনেক বড়। সে আমাকে বলেছিল, অন্য দেশগুলোতে মাইকেল জ্যাকসন ও অন্যান্য রকস্টার আছেন। ভারতে তুমিও তেমন একজন হতে পারো। তুমি একজন পপস্টার হতে পারো।’
তবে তখন অরিজিৎয়ের কথায় সেভাবে গুরুত্ব দেননি কাজি। তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। অরিজিৎ তাকে বলেছিলেন, ‘আমি মজা করছি না। তোমার মধ্যে সেই সম্ভাবনা আছে।’
সময়ের সঙ্গে অরিজিৎ নিজেই ভারতের অন্যতম বড় সংগীত তারকা হয়ে ওঠেন। তার ‘তুম হি হো’ গানটি শুনে কাজি বুঝতে পারেন, বন্ধুর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।
অরিজিৎয়ের সাফল্যে নিজের কোনও আক্ষেপ বা ঈর্ষা নেই বলেও জানান কাজি। তার ভাষায়, ‘মানুষ দুজনকে তুলনা করলেও তিনি বন্ধুর সাফল্যে খুশি এবং নিজের জীবন ও অর্জন নিয়েও সন্তুষ্ট।’
দুই দশক পরও অটুট রয়েছে তাদের বন্ধুত্ব। কাজি ‘বিগ বস ২০’-এ অংশ নেওয়ার পর অরিজিৎ নিজের এক্স অ্যাকাউন্টে তাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘প্রথমবার বিগ বস দেখতে হবে, কারণ সেখানে আমাদের রকস্টার কাজি আছে।’