জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। ১৯৯৯ সাল থেকে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে ২০০০ সালের প্রথম দিকে প্রথম কোনও নায়িকার বিপরীতে তাকে পর্দা ভাগ করতে দেখা যায়।
এর মধ্যে ১৫৫জন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন বলে জানান মীর সাব্বির। তার সর্বশেষ নায়িকা নীলাঞ্জনা নীলা।
অভিনেতা বলেন, ‘আমি ক্যারিয়ারের লম্বা এই সময়ে কখনও জুটি হয়ে কাজ করিনি। নির্মাতারা যখন যাকে চেয়েছেন তার সঙ্গে কাজ করেছি। এ কারণে সমসাময়িক অনেকের চেয়ে আমার নায়িকার সংখ্যা একটু বেশি।’
অভিনেতা জানান, তার সমসাময়িক জয়া, তারিন, পপির পাশাপাশি চলতি সময়ের অনেকের সঙ্গে কাজ করছেন তিনি। এমনকি একটি নাটকে প্রধান চরিত্রে সূবর্ণা মুস্তফার পাশাপাশি তিনি ছিলেন।
ক্যারিয়ারে প্রথম কোন নায়িকার সঙ্গে পর্দা ভাগ করেছেন জানতে চাইলে মীর সাব্বির বলেন, ‘আমার শুরুটা বিটিভি থেকে। সে সময় প্রথম দিকে নায়িকা ছাড়া নাটকে অভিনয় করেছি। এরপর ২০০০ সালের প্রথম দিকে গোলাম ফরিদা ছন্দার সঙ্গে প্রথম পর্দা ভাগ করেছি। সেই নাটকের প্রযোজক ছিলেন আবু তাহের।’
মীর সাব্বির অভিনেতার পাশাপাশি নির্মাতা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। খুব শিগগির তার পরিচালনায় ‘খুব চেনা গল্প’শিরোনামের একটি ধারাবাহিক প্রচারে আসবে। খুব শিগগির এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিকটির।
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ