সেন্সর বোর্ডে আটকে আছে সালমান খানের ‘মাতৃভূমি’,  মুক্তি নিয়ে অনিশ্চয়তা

সালমান খানের যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি পেতে দেরি হচ্ছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আগামী সপ্তাহে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটি দেখার পর এটি শিগগিরই মুক্তির আলো দেখবে। তবে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, এখনও তেমন কোনও অগ্রগতি হয়নি।

‘বলিউড হাঙ্গামা’-কে একটি সূত্র বলেছে, ‘সিবিএফসির স্ক্রিনিং নিয়ে এখনও কোনও অগ্রগতি হয়নি। ছবিটি চীন-সংযোগের কারণে এখনও আটকে আছে।’

বলিউড হাঙ্গামা আরও জানায়, বিষয়টির সমাধান খুঁজে বের করতে নির্মাতারা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সমস্যা সমাধানের জন্য তারা সাধ্যমতো চেষ্টা করছেন। সমাধান হয়ে গেলে সিবিএফসি ছবিটিকে ছাড়পত্র দেবে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাতৃভূমি’।

প্রতিবেদন অনুযায়ী, এই সমাধান কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে, আবার আরও সময়ও লাগতে পারে। তবে এই মুহূর্তে ‘মাতৃভূমি’ নিয়ে পরিস্থিতি আগের মতোই রয়েছে।

মুক্তির তারিখ নিয়ে হালনাগাদ তথ্য জানিয়ে ওই সূত্র বলেছে,  ‘আগেও বলা হয়েছে, সমস্যাগুলো কবে সমাধান হবে, তার ওপর সবকিছু নির্ভর করছে। যদি দ্রুত সমস্যার সমাধান হয়, তাহলে নির্মাতারা অবশ্যই ২০২৬ সালেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির চেষ্টা করবেন। যদিও এ বছর পর্যাপ্ত খালি স্লট নেই। তা না হলে ছবিটি ২০২৭ সালে চলে যাবে।’

‘মাতৃভূমি’ ছবিটির ঘোষণা প্রথমে ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ নামে দেওয়া হয়েছিল। চলতি বছরের শুরুতে ছবিটির নাম পরিবর্তন করে ‘মাতৃভূমি’ রাখা হয়।

অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটি ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘটিত সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সালমান খান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং ও অঙ্কুর ভাটিয়া।