গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান

গণেশোৎসব উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গিয়ে গণপতি বাপ্পার আশীর্বাদ নিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং ম্যানেজার পূজা দাদলানি।

শাহরুখ খান মণ্ডপে পৌঁছাতেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় জমে যায়। তাকে একনজর দেখতে চারপাশে ভিড় করেন অনেকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ করেন অভিনেতা।

লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

এদিন নীল রঙের কুর্তা পরেছিলেন শাহরুখ। সুহানাকে দেখা যায় সবুজ রঙের ঐতিহ্যবাহী পোশাকে। অন্যদিকে গৌরী পরেছিলেন হলুদ রঙের পোশাক। এর আগে চলতি মাসের শুরুতে এক্সে ‘আস্কএসআরকে’সেশনে ভক্তদের সঙ্গে কথা বলার সময় পরিবারের গণেশ চতুর্থী উদযাপন নিয়ে কথা বলেন শাহরুখ।

এক ভক্ত বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তার স্ত্রী আরতি করেন এবং এরপর প্রার্থনা করা হয়। রাতে গণেশের বিসর্জনও দেওয়া হয়। সন্তান ও বন্ধুরা এক সঙ্গে জড়ো হয়ে আনন্দ করেন, হাসি-আড্ডায় সময় কাটান। তার ভাষায়, এটি খুবই সাধারণ ও পারিবারিক একটি আয়োজন।

এদিকে শাহরুখ খানকে আগামীতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।