সোমবার (২ নভেম্বর) জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তার আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল’ প্রকাশ্য করলেন। গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের মন্তব্য ৩ মিনিট ৪২ সেকেন্ডের এই গানের আবহে ‘পঠান’ ছবির ‘বেশরম রং’ গানের ছোঁয়া রয়েছে।
ফলে শাহরুখ ও দীপিকার সেই ছবির কথা নতুন করে মনে পড়েছে অনুরাগীদের। বিশেষ করে গেরুয়া পোশাকে দীপিকার সেই বহু আলোচিত দৃশ্যের স্মৃতি ফিরে এসেছে। ‘বেশরম রং’ গানে গেরুয়া রঙের বিকিনি পরার কারণে সে সময় বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি।
ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে অভিনেত্রী ও নির্মাতাদের বিরুদ্ধে। তবে এ বার তাকে বিকিনিতে দেখা যায়নি। বরং গেরুয়া রঙের একটি তথাকথিত ‘মার্জিত’ পোশাকে নজর কেড়েছেন দীপিকা। হল্টারনেক ঝলমলে গেরুয়া ড্রেসে দেখা গেছে তাকে।
গানটিতে শাহরুখ ও দীপিকার রসায়নের ঝলকও রয়েছে। অভিনেত্রীকে নিজের ‘মাশুকা’ (প্রেয়সী) বলে সম্বোধন করতে শোনা যায় শাহরুখকে। রোমান্টিক মুহূর্তের পাশাপাশি ছবির টানটান অ্যাকশন দৃশ্যেরও আভাস মিলেছে গানে। সেখানে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে শাহরুখকে।
গানের শেষে শাহরুখের আরও একটি সংলাপ ছবির আবহকে অন্য মাত্রা দিয়েছে। তিনি বলেন, ‘এ বার আমার হৃদয়ে আগুন জ্বলছে। গোটা দুনিয়াকে জ্বালিয়ে না দেওয়া পর্যন্ত সেই আগুন নিভবে না।’
এই সংলাপ থেকে ‘কিং’-এ শাহরুখের চরিত্রের অন্ধকার, তীব্র এবং নির্মম দিকটির ইঙ্গিত পাওয়া যায়।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।