‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা। তার চরিত্রকে ঘিরেই ছবির গল্পের বড় একটি অংশ এগিয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্বের শুটিং শুরুর আগে প্রযোজনা সংস্থা জানিয়ে দেয়, সিক্যুয়েলে দীপিকা থাকছেন না। এখন পরিচালক নাগ অশ্বিন জানালেন, সিক্যুয়েলে নতুন করে বড় কোনো চরিত্র যুক্ত হচ্ছে না
ফলে ফের প্রশ্ন উঠছে, প্রথম ছবিতে দীপিকা যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রটি সিক্যুয়েলে কে করবেন? এখনও পর্যন্ত যা ইঙ্গিত, দীপিকার জায়গায় নতুন কোনও অভিনেত্রীকে নেওয়া হচ্ছে না। তা হলে কি চরিত্রটা বাদ পড়বে? কিন্তু, চিত্রনাট্য হিসাবে তা কি আদৌ সম্ভব?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির দ্বিতীয় ভাগ প্রসঙ্গে নাগ বলেন, ‘এবার নতুন কোনও সংযোজন নেই। আমরা যে গল্পটা শুরু করেছিলাম, সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি।’
এ দিকে একই সাক্ষাৎকারে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলের শুটিং নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন নাগ অশ্বিন।
তিনি জানান, কমল হাসান এবং অমিতাভ বচ্চনের বেশ কিছু আলাদা দৃশ্য চলতি বছরের শুরুতেই শুট করা হয়েছে। ফেব্রুয়ারিতে দুই কিংবদন্তি অভিনেতা একসঙ্গেও শুটিং করেছেন। তবে প্রভাসের ব্যস্ততার কারণে ছবির পূর্ণাঙ্গ শুটিং শুরু করতে কিছুটা দেরি হয়। অন্য ছবির কাজ শেষ করার কারণে প্রভাসের সময় পাওয়া যাচ্ছিল না। এখন সেই সমস্যা মিটেছে।
নাগ বলেন, ‘আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে নিয়মিত শুটিং শুরু করবো। এখন সমস্ত শিল্পীর সময় পাওয়া গিয়েছে। আশা করছি, আগামী বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনে চলে যেতে পারবো।’
ছবিটি ২০২৮ সালে মুক্তি পাবে কি না জানতে চাওয়া হলে পরিচালকের উত্তর, ‘মনে হচ্ছে ২০২৮-ই হবে, নিশ্চিত ভাবেই।’