নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা

সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামারাস ছবি আর ফ্যাশনেবল লুকে নজর কেড়েছেন তানিয়া মিশ্রা। তার স্টাইল, আত্মবিশ্বাসী উপস্থিতি ও আকর্ষণীয় লুক নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা। অনুরাগীদের একাংশের মুখে এখন শোনা যাচ্ছে ‘নিউ ন্যাশনাল ক্রাশ’ তকমা। তবে শুধু সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাই নয়, মডেলিং ও অভিনয়ে কয়েক বছর ধরেই নিজের জায়গা তৈরি করছেন এই অভিনেত্রী।

বিহারের গয়া থেকে উঠে আসা তানিয়া মিশ্রা ‘তান্যা মিশ্রা’ নামেও পরিচিত। ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি জন্ম তার। ম্যাগধ বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রি শেষ করে বিনোদন জগতে পা রাখেন তিনি।

মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু তানিয়ার। ২০১৯ সালের ‘আইএডব্লিউএ মিস ইন্ডিয়া’  প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ রানার-আপ হন তিনি। এরপর ‘ফেমিনা’, ‘ফিল্মফেয়ার’ ও ‘গ্রাজিয়া’র মতো পরিচিত প্রকাশনার সঙ্গে কাজ করেছেন।

অভিনয়ে তানিয়ার অভিষেক হয় ‘গজনভি’ ছবিতে নেহা চরিত্রের মাধ্যমে। এরপর ডিজিটাল প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। জ্যাকি শ্রফ, সিকন্দর খের ও ভূমিকা চাওলার সঙ্গে ‘চিড়িয়া উড়’ ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।

মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তানিয়া। ‘নখরো’ ও ‘তু মেরা হো জায়েগা’-র মতো গানে অভিনয় করেছেন তিনি। এবার রোম্যান্টিক গান ‘সফর মোহব্বত কা’-তেও দেখা যাবে তাকে।

তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তার অন্যতম কারণ সামাজিকযোগযোগ মাধ্যম। ফ্যাশন, গ্ল্যামার ও ব্যক্তিগত স্টাইলের নানা ছবি নিয়মিতই শেয়ার করেন তানিয়া। এসব ছবিতে তার লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কাড়ছে নেটিজেনদের। ইনস্টাগ্রামেও তার অনুসারীর সংখ্যা বেড়েছে। বর্তমানে প্রায় ১২ লাখ ফলোয়ার রয়েছে এ গ্ল্যামারকন্যার।