আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী

আনুশকা শর্মা গ্যালারিতে উপস্থিত থাকলে বিরাট কোহলির পারফরম্যান্স যেন আরও ভালো হয়ে যেত—এমনই মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বের একটি প্রোমোতে কোহলি ও আনুশকার প্রেমের সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেন তিনি।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সিজন ৫-এর নতুন পর্বে ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীকে দেখা যাবে। সেখানে ক্রিকেট বিশ্বের নানা অন্দরমহলের ঘটনা নিয়ে কথা বলবেন তারা।

প্রোমোতে কপিল শর্মার সঙ্গে আলাপকালে রবি শাস্ত্রী ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী বা বান্ধবীদের সফরে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বিরাট কোহলির উদাহরণ টেনে আনেন।

শাস্ত্রী বলেন, ‘বহু বছর ধরেই সফরের সময় ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী বা বান্ধবীদের যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না—এটি বিতর্কের বিষয় হয়ে আছে। তবে খেলোয়াড়দের সমর্থন দরকার। তাই তাদের বান্ধবীদের সঙ্গে নিয়ে আসার অনুমতি দেওয়া উচিত। আর তাকে (আনুশকাকে) অনুমতি দেওয়া হয়েছিল।’

এরপর একটি ম্যাচের উদাহরণ দিয়ে শাস্ত্রী বলেন, ‘ম্যাচ শুরু হলো ২৬ তারিখে। কোহলি একজন যোদ্ধার মতো মাঠে নেমে পড়লো এবং ১৬০ রান করলো। আর যখন সে সেঞ্চুরি করলো, তখন ব্যাটে চুমু খেল।’

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বটি আগামী শনিবার রাত ৮টায় নেটফ্লিক্সে স্ট্রিম হবে। চলমান সিজনের এটি তৃতীয় পর্ব। এর আগে ‘দৃশ্যম’ ও ‘ভ্যান’ ছবির কলাকুশলীদের নিয়ে দুটি পর্ব প্রচারিত হয়েছে।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজন শুরু হয়েছিল ২৬ সেপ্টেম্বর।