বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত আর বিতর্ক যেন একে-অপরের সমার্থক! বেফাঁস মন্তব্য করে বারবার খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এবার দেড় দশক আগে করা মন্তব্যের জেরে আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী। এক যুবককে ‘নপুংসক’ বলে কটাক্ষ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযোগ, রাখির মন্তব্যে অপমানিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক। পরবর্তী সময়ে তার আত্মহত্যার ঘটনায় অভিনেত্রীর মন্তব্যকে দায়ী করেছে পরিবার। এ ঘটনায় উত্তর প্রদেশের ঝাঁসিতে রাখির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনাটি ২০১০ সালের। সে সময় টেলিভিশনের পর্দায় প্রচারিত হতো রাখি সাওয়ান্তের সঞ্চালনায় ‘রাখি কা ইনসাফ’ নামের একটি অনুষ্ঠান। দাম্পত্য কলহের সমাধান খুঁজতে লক্ষ্মণ আহিরওয়ার নামে এক যুবক স্ত্রীকে নিয়ে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানেই তাকে ‘নপুংসক’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠে রাখির বিরুদ্ধে।
লক্ষ্মণের পরিবারের অভিযোগ, অনুষ্ঠানের ওই পর্বের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে অতিরিক্ত মদ্যপান শুরু করেন লক্ষ্মণ। পরে তার আত্মহত্যার ঘটনায় রাখির মন্তব্যকে দায়ী করে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার মা সাবিত্রী প্রেম।
অভিযোগে বলা হয়, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত ‘রাখি কা ইনসাফ’-এর একটি পর্বে রাখি তার ছেলের উদ্দেশে অপমানজনক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ঝাঁসির আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বারবার আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বলিউডে অভিনয়ের পাশাপাশি নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। অতীতের সেই মন্তব্যের জেরেই এবার নতুন করে আইনি জটিলতায় পড়লেন এই অভিনেত্রী।