বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি

অভিনেত্রী সারা আলি খানের বাবা বলিউড তারকা সাইফ আলি খান। তবু বলিউডে কোনও গডফাদার নেই বলে জানান তিনি। তবে নবাব পরিবারের সন্তান হওয়ায় বলিউডে বাড়তি সুবিধে পেয়ে এসেছেন বলে উঠতে-বসতে শুনতে হয়েছে তাকে।

এবার ‘স্বজনপোষণ তত্ত্বে’ মুখ খুলেই নিন্দুকদের মোক্ষম জবাব ছুড়লেন সারা আলি খান।

অভিনেত্রীর মন্তব্য, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি— জাহ্নবী, অনন্যা বা আমি— আমরা কেউই বেছে নিইনি যে আমরা কোন পরিবারে জন্ম নেবো। তারকা-সন্তান হিসেবে জন্মানো তো আমাদের নিজেদের সিদ্ধান্ত ছিল না। তাই সেই পরিচয়ের জন্য আমাদের কাউকে দায়ী করা উচিত নয়। এক্ষেত্রে আমরা নিজেদের শুধু ভাগ্যবান বলতে পারি। যে বিষয়টায় আমাদের কোনও দোষ নেই, তার জন্য আমাদের কাঠগড়ায় দাঁড় করানো কি যুক্তিযুক্ত?’

তিনি আরও বলেন, ‘অনেকের প্রশ্ন, এতে আমাদের বাড়তি সুবিধা হয়েছে কি না? অবশ্যই হয়েছে। এমন একটা ছবি দিয়ে বলিউড অভিষেকের সুযোগ পেয়েছি, যেটা অনেকেই পেতে চান। কিন্তু ক্যরিয়ারের আট বছর পেরিয়ে যাওয়ার পরেও যদি আমাকে এই বিষয়টি ব্যাখ্যা করে যেতে হয়, তাহলে সেটা আমার দায়িত্ব বলে আমি মনে করি না।’

তারকা পরিবারের সন্তান হওয়ায় কতটা চাপের মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, সেকথাও জানান সারা আলি খান। নবাবকন্যার কথায়, ‘আমার পারিবারিক পরিচিতি আমার জন্য দরজা খুলে দিয়েছে ঠিকই, এর ফলে আমি সুযোগ, পরিচিতি, খ্যাতিও পেয়েছি। এমনকী অভিনেত্রী হওয়ার আগেই হয়তো সেই পরিচিতি গড়ে উঠেছিল। কিন্তু একই সঙ্গে কখনও কখনও আমার মনে হয়, আমাদের থেকে প্রত্যাশার মাত্রাটাও অনেক বেশি।’

তার ভাষ্য, ‘নেপোটিজম এখন মানুষের কাছে একটা খারাপ শব্দ হয়ে দাঁড়িয়েছে! আর আমার যেটা ভালো লাগে না, সেটা হল এই নেপোটিজম বিষয়টা একজনেরকঠোর পরিশ্রমকে লঘু করে দেয়।’

সারা বলেন, ‘আমি সিঙ্গল মাদারের কাছে মানুষ। আমার বাবা বিভিন্ন প্রযোজনা সংস্থার অফিসে গিয়ে আমার জন্য দর কষাকষি করেননি কিংবা কাউকে অনুরোধও করেননি।   ‘কেদারনাথ’ ছবিটা ঘিরে যখন সমস্যা হয়েছিল, তখন আমি নিজেই পরিস্থিতি সামাল দিয়েছি। আমার পাশে কেউ ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে আমার কোনও গডফাদার কোনওদিনই ছিল না।’