২০০ কোটির প্রতারণা মামলা, আদালতে তলব নোরা ফাতেহিকে

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক জালিয়াত মামলার অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না নোরা ফাতেহির। ‘ঠগ’ সুকেশের থেকে বহুমূল্য উপহার নেওয়ার অভিযোগে অতীতে একাধিকবার ইডি থেকে দিল্লি পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে বলিপাড়ার সুন্দরীকে।

এবার সংশ্লিষ্ট ইস্যুতে ফের নোরাকে সমন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের।

চলতি বছরের আগস্ট মাসেই সুকেশ চন্দ্রেশেখরের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। যেখানে ‘দিলবর গার্ল’কে নিয়ে বোমা ফাটিয়েছিলেন তিনি। এক নয় একাধিক অভিযোগের কথা উল্লেখ ছিল ওই চিঠিতে।

‘ঠগ’ সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরা ফাতেহিকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। এ ছাড়াও নোরাকে দেওয়া উপহারের তালিকায় রয়েছে বহুমূল্য প্রসাধনীদ্রব্য থেকে বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, বিলাসবহুল গাড়িসহ আরও কত কী। হোয়াটসঅ্যাপ চ্যাটে দু’জনের কথোপকথনও সে সময়ে ফাঁস করেন সুকেশ।

এমনকী তিনি এও দাবি করেছিলেন যে, জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য প্রতিনিয়ত তাকে উসকানি দিতেন নোরা ফাতেহি। সুকেশের অভিযোগ, জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন এবং বারবার ফোনে যোগাযোগও করতেন। দিনে প্রায় দশবার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন।

সেই প্রেক্ষিতেই এবার সুকেশ মামলায় ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নোরা ফতেহিকে ‘সরকারী সাক্ষী’ হিসেহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।