মুম্বাইয়ে শুক্রবার (৬ নভেম্বর) ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অপূর্ব লাখিয়া ও অভিনেতা সালমান খানসহ সিনেমার কলাকুশলীরা। এ সময় সিনেমার গান নিয়ে নানা সমালোচনা ও আলোচনা প্রসঙ্গে কথা বলেন ভাইজান।
যুদ্ধভিত্তিক সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’র মতো গান কেন রাখা হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা দেন তিনি।
অনুষ্ঠানে সালমান এ প্রসঙ্গে বলেন, অনেকেই হয়তো ভাবছেন, ‘মাতৃভূমি’র মতো সিনেমায় ‘তেরি সেক্সি বিউটি’ গানটি কীভাবে মানানসই। সিনেমাটি দেখলেই বিষয়টি বুঝতে পারবেন। একজন সেনা কর্মকর্তা ও কয়েকজন সেনাসদস্য যখন নিজেদের স্ত্রীদের প্রশংসা করেন, তখন গানটি আসে। এখন পর্যন্ত গানের যে দৃশ্য দেখানো হয়েছে, সিনেমায় সেগুলোর অংশ খুবই সামান্য।
সিনেমাটির প্রচারণায় একের পর এক গান প্রকাশ করা নিয়েও মজা করেন সালমান। তিনি বলেন, ‘আমার মনে হয়, আপনারা ভাবছেন আমরা এখন পর্যন্ত ১ হাজার ৪০০টি গান প্রকাশ করে ফেলেছি। তবে এর পেছনে একটা কারণ আছে।’
তিনি আরও বলেন, ‘সিনেমাটি দেখলে বুঝতে পারবেন, গানগুলো কীভাবে গল্পের সঙ্গে মিশে গেছে। এখনই সেগুলোর পেছনের ঘটনা প্রকাশ করতে পারছি না।’
এ সময় দর্শকদের সিনেমা চলাকালে বিরতি নেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়েও মজার ছলে কথা বলেন অভিনেতা। সালমান বলেন, সাধারণত মিউজিক চ্যানেলে কোনও গানের পুরো ভিডিও দেখার পর সিনেমায় সেটি দেখলে দর্শকদের মনে হয়, গানটি তো আগেই দেখা হয়ে গেছে। তখন তারা বাথরুমে যেতে কিংবা ধূমপানের বিরতি নিতে চান। আমরা দর্শকদের সেই সুযোগ দিতে চাই না। তাই নিয়ন্ত্রণ ধরে রেখে পুরো সিনেমাটি দেখতে হবে।
আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।