আইপিএলকে এপ্রিল-মে মাসের পরিবর্তে জানুয়ারিতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা ললিত মোদি। এবার তার সেই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম কর্ণধার ও বলিউড অভিনেত্রী জুহি চাওলা।
খেলোয়াড়দের জন্য অপেক্ষাকৃত অনুকূল আবহাওয়ায় আইপিএল আয়োজনের পক্ষে মত দিয়েছেন তিনি।
জুহি চাওলা ও তার স্বামী ব্যবসায়ী জয় মেহতা এবং বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে কেকেআরের মালিকানায় রয়েছেন। সোমবার (১০ নভেম্বর) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ললিত মোদির প্রস্তাবটি শেয়ার করে আইপিএলের সূচি পরিবর্তনের পক্ষে কথা বলেন এই অভিনেত্রী।
জুহি লেখেন, ‘আইপিএল এখন আর ক্রিকেটের সূচিতে নিজের জায়গা খুঁজে নেওয়ার অবস্থানে নেই। বরং ক্রিকেটের সূচিকে প্রভাবিত করার অধিকার অর্জন করেছে এই টুর্নামেন্ট। তাহলে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি কেন বছরের সবচেয়ে প্রচণ্ড গরমের সময় আয়োজন করা হবে?
তিনি বলেন, ‘সূচি নিয়ে নতুন করে ভাবা হলে এপ্রিল-মে মাসের পরিবর্তে জানুয়ারিকে কেন বেছে নেওয়া হবে না? এতে আবহাওয়া ভালো থাকবে, ক্রিকেট আরও ভালো হবে এবং সবার জন্য অভিজ্ঞতাও হবে আরও উপভোগ্য।’
জুহি জানান, আইপিএল অনেক দূর এগিয়েছে। এখন হয়তো এর আয়োজনের সময়সূচিও পরিবর্তন করা উচিত।
জুহির আগে সোমবার আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদিও নিজের এক্স অ্যাকাউন্টে টুর্নামেন্টটির সূচি পরিবর্তনের প্রস্তাব দেন। তার ভাষ্য, ‘আইপিএলের জন্য আলাদা কোনও সময়সীমার প্রয়োজন নেই। আইপিএল নিজেই নিজের সময় তৈরি করতে পারে।
ললিত মোদির মতে, আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মালিকানাধীন ও পরিচালিত একটি ঘরোয়া টুর্নামেন্ট। তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে নির্দিষ্ট সময়সূচির অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
শাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতা ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের আগে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা নেন। তবে শুরুর দিকে দলটি খুব একটা সাফল্য পায়নি। ২০১২ সালে প্রথমবার আইপিএল শিরোপা জেতে কেকেআর। এরপর ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয় দলটি।