অবশেষে প্রকাশ্যে এলো সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ঝলক। ১০ নভেম্বর রাতে ঝলক প্রকাশ্যে আনেন ভাইজান।
ঝলক প্রকাশের সঙ্গে মজার ছলেই অনুরাগীদের উদ্দেশে লেখেন, ‘আজ মুক্তি করবো, না কাল? যে কাজ কাল করবে ভেবেছো, তা আজই করে ফেলো। আর যে কাজ আজ করার কথা, তা এখনই করো। ঝলক উপভোগ করুন।’
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনের শুরুতেই ঝলক প্রকাশের কথা জানিয়েছিলেন সালমান। লিখেছিলেন, ‘ঝলক আজ সন্ধ্যায় মুক্তি পাবে। ধৈর্য ধরার জন্য আপনাদের ধন্যবাদ।’ কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও কোনও খবর না মেলায় অপেক্ষা বাড়ছিল অনুরাগীদের। অবশেষে রাতের দিকে ঝলক প্রকাশ করে সেই অপেক্ষার অবসান ঘটালেন অভিনেতা।
ঝলকের শুরুতেই রয়েছে যুদ্ধের ভয়াবহতা নিয়ে এক গভীর বার্তা। পর্দায় ভেসে ওঠে, ‘যে সৈনিক যুদ্ধের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, যুদ্ধকে তার চেয়ে বেশি কেউ ঘৃণা করেন না।’
এর পরেই সেনার পোশাকে দেখা যায় সালমানকে। তবে ছবিটি শুধু যুদ্ধের গল্প বলবে না, ঝলকে তার ইঙ্গিতও স্পষ্ট। যুদ্ধক্ষেত্রের বাইরের জীবনে সালমানের সঙ্গে চিত্রাঙ্গদা সিংহের সম্পর্কের নানা মুহূর্ত ধরা পড়েছে। ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চিত্রাঙ্গদা।
তবে সেই শান্তির আবহ বেশিক্ষণ স্থায়ী হয় না। মুহূর্তের মধ্যেই বদলে যায় দৃশ্যপট। শুরু হয় গোলাগুলি, সংঘর্ষ এবং যুদ্ধের ভয়াবহ সব দৃশ্য। ঝলকের শেষ দিকে দেখা যায়, ফোনে কোনও খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন চিত্রাঙ্গদার চরিত্রটি। কী এমন খবর পেলেন তিনি?
সালমানের চরিত্রের পরিণতি কি তবে মর্মান্তিক? সেই প্রশ্নই উস্কে দিয়ে শেষ হয়েছে ঝলকটি।
শেষে সলমনের মুখে একটি সংলাপ শোনা যায়, ‘মৃত্যুকে কিসের ভয়! সে তো আসবেই!' ঝলকের শেষে সালমানের এই সংলাপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দর্শক।
আগামী ৪ ডিসেম্বর এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।