যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের ল্যাকমা আর্ট প্লাস ফিল্ম গালায় ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে হলিউড, সংগীত ও ফ্যাশনজগতের একাধিক তারকার সঙ্গে একই মঞ্চে দেখা যায় তাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, নিকোল কিডম্যান, ব্ল্যাকপিংকের রোজে, আনিয়া টেলর-জয়, অ্যান্ড্রু গারফিল্ড, মিশেল ইয়োহ এবং এসপা সদস্য নিংনিংসহ আরও অনেকে।
অনুষ্ঠানের বেশ কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে নিকোল কিডম্যান ও ‘ডিউন’ সিনেমার পরিচালক ডেনিস ভিলনুভের সঙ্গে হৃতিকের ছবি। ছবিগুলো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন ভক্তরা।
এক ভক্ত মন্তব্য করেন, ‘এবার হৃতিক স্যারের জন্য জেমস বন্ডের অডিশনের ব্যবস্থা করা হোক।’আরেকজন লেখেন, ‘আমার সর্বকালের প্রিয় অভিনেতা!’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘এগিয়ে যাও হৃতিক! আমি ৯ বছর বয়স থেকেই তোমার ভক্ত।’
উল্লেখ্য, ২০২৬ সালের ল্যাকমা আর্ট প্লাস ফিল্ম গালার সহসভাপতিত্ব করেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ল্যাকমার ট্রাস্টি ইভা চৌ। শিল্প ও চলচ্চিত্রের পারস্পরিক সম্পর্ক উদ্যাপনের পাশাপাশি সৃজনশীল জগতের প্রভাবশালী ব্যক্তিদের একত্রিত করতেই প্রতিবছর এ আয়োজন করা হয়।