তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৮:০৩ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৮:০৩

নব্বই দশকের শেষের দিকের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তিন্নি। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্ণ হলো তার মৃত্যুর দুই যুগ। ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু–১-এর নিচে পাওয়া যায় তার মরদেহ।

প্রথমে পরিচয় মেলেনি; অজ্ঞাতপরিচয় নারী হিসেবে দাফনও করা হয়েছিল তাকে। পরে পত্রিকায় প্রকাশিত ছবি থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন তার মৃত্যুর খবর।

তিন্নির যাত্রা

১৯৯৯ সালে র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিন্নির যাত্রা শুরু। এরপর একটি প্রসাধন পণ্যের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান। মডেলিংয়ের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেছিলেন। পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া তার সামনে বড় পর্দায় কাজের সম্ভাবনাও তৈরি করেছিল।

তবে সেই ছবিতে আর অভিনয় করা হয়নি। হঠাৎ করেই থেমে যায় তিন্নির পথচলা।

নিখোঁজ তিন্নি

২০০২ সালের ১০ নভেম্বর সন্ধ্যার পর তিন্নি নিখোঁজ হন। ওই রাতেই সেতুর নিচে তার মরদেহ পাওয়া যায়।

তিন্নির চাচা রেজাউল করিম বিভিন্ন সময় গণমাধ্যমে জানান, বিচারের আশায় শুরুতে থানা, পুলিশ ও আদালতে ছুটেছেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া বন্ধ থাকায় একসময় মামলার খোঁজখবরেও বিরতি পড়ে। পরে রায়ের তারিখ নির্ধারণের খবর পত্রিকায় পড়ে আবার আদালতে যান তিন্নির বাবা ও চাচা।

তিন্নি

মামলা এবং অভি

তিন্নির মরদেহ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ থানা–পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। অভির অনুপস্থিতিতেই বিচার চলে। তার পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছিল। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘ বিরতিও ছিল।

রায় প্রকাশ

হাইকোর্টের স্থগিতাদেশের কারণে প্রায় ছয় বছর মামলার কার্যক্রম বন্ধ ছিল। পরে আবার বিচার শুরু হয়। ২০২১ সালে রায়ের পর্যায়ে গিয়েও নতুন করে সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীনুর আক্তার মামলার একমাত্র আসামি গোলাম ফারুক অভিকে খালাস দেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন সেই সময় গণমাধ্যমকে বলেন, তার মক্কেল ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রায়ে অসন্তোষ জানিয়ে পর্যালোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল।

খালাসের রায়ে যা উঠে আসে

আদালত বলেছেন, তিন্নির সঙ্গে অভির প্রেমের সম্পর্ক ও একই বাসায় থাকার বিষয়টি সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। তবে সম্পর্কের অবনতি, বিয়ের জন্য চাপ কিংবা সম্পর্কের তথ্য প্রকাশের হুমকি দেওয়ার যে বিবরণ অভিযোগপত্রে ছিল, সাক্ষীদের বক্তব্যে তার সমর্থন মেলেনি।

ঘটনার রাতের অবস্থানও রায়ে গুরুত্ব পেয়েছে। গৃহকর্মীদের সাক্ষ্য অনুযায়ী, তিন্নিকে না পেয়ে অভি তার বাসায় রাত কাটান ও সকালে চলে যান। তদন্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হকও জেরায় হত্যার কোনও প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই বলে জানান। তিনি যে সানজিদুল হাসান ইমনের জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র দিয়েছিলেন, সেই ইমন আদালতে বলেন, হত্যার বিষয়ে তিনি কিছু জানেন না; অভির সঙ্গে তার কথা বা দেখাও হয়নি।

আদালত উল্লেখ করেন, শাস্তি দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। কেবল পলাতক থাকার কারণে কাউকে দোষী ধরা যায় না।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল
তিন্নির মৃত্যুর দুই যুগ, আলোচিত সেই মামলার কী রায় হয়েছিল
হেমন্ত ও রফির গানের ভক্ত আলমগীর, স্ত্রী রুনা লায়লার কোন গান শোনেন বেশি
হেমন্ত ও রফির গানের ভক্ত আলমগীর, স্ত্রী রুনা লায়লার কোন গান শোনেন বেশি
বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
বলিউড তারকাদের ঘিরে আতঙ্ক, বিশেষ বিধিনিষেধ জারি মুম্বাই পুলিশের
ডিপজলের ভাই আফজাল আর নেই
ডিপজলের ভাই আফজাল আর নেই
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত