‘টক্সিক’সিনেমায় যশ ও কিয়ারা আদভানির রসায়ন এবং বেশ কিছু সাহসী দৃশ্য নিয়ে মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। এবার অন্তঃসত্ত্বা অবস্থায় যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে স্বামী সিদ্ধার্থ মলহোত্রার কী প্রতিক্রিয়া ছিল সেটি নিয়ে মুখ খুললেন তিনি।
করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে এই প্রসঙ্গে কথা বলেন কিয়ারা।
অনুষ্ঠানে করণ জোহর কিয়ারার কাছে জানতে চান, যশের সঙ্গে তার সাহসী দৃশ্যগুলি দেখে সিদ্ধার্থের কী বলেছিলেন? উত্তরে অভিনেত্রীর ভাষ্য, সিদ্ধার্থকে তিনি খুব ভালো করেই চেনেন। এই বিষয়গুলি নিয়ে তার বিশেষ কোনও সমস্যা নেই বলেই মনে করেন তিনি।
পাশাপাশি কিয়ারা বলেন, এর আগেও বহু অভিনেত্রীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। উদাহরণ হিসেবে ঐশ্বরিয়া রাইয়ের নামও উল্লেখ করেন তিনি। ইন্টারনেটে এই দৃশ্যগুলি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখেছিলেন কিয়ারা।
তার কথায়, অনেকেই বেশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। একই সঙ্গে সমাজের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তাই নিজের অভিনয়ের পক্ষে সাফাই দেওয়ার কোনও প্রয়োজন বোধ করেননি তিনি।
প্রায় ৬০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ‘টক্সিক’ ছবিটি। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ছবির মোট আয় ৩৪২.২৬ কোটি টাকা। অর্থাৎ বিপুল বাজেটের তুলনায় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি ‘টক্সিক’।