চলতি বছরটা অভিনেত্রী দিব্যা দত্তর জন্য বেশ সাফল্যের। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। আলোচিত ওয়েব সিরিজ ‘চিরাইয়া’, ‘গজব রাত’ ও সম্প্রতি মুক্তি পাওয়া ওটিটি সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’এ দেখা গেছে তাকে।
কাজের প্রশংসা ও সাফল্য একসঙ্গে পাওয়ায় দিব্যা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
তার ভাষ্য, ‘মানুষ যখন এসে বলে, ওটিটি প্ল্যাটফর্মে তুমি রাজত্ব করেছ, তখন খুব ভালো লাগে। দীর্ঘদিন ধরেই এমন কিছু চেয়েছিলাম, অবশেষে তা হয়েছে।’
দিব্যা বলেন, ‘অনেক সময় দেখা যায়, কাজের জন্য প্রশংসা পাওয়া যায়, কিন্তু সেটি বাণিজ্যিকভাবে সফল হয় না। আবার কখনও বাণিজ্যিক সাফল্য এলেও প্রশংসা মেলে না। প্রশংসা ও সাফল্য একসঙ্গে পাওয়া খুবই বিরল। আর যখন এমনটা ঘটে, তখন অনুভূতিটা সত্যিই অসাধারণ। সে দিক থেকে আমার জন্য এ বছরটি দারুণ।’
বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘চিরাইয়া’র কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, সিরিজটি মুক্তির সময় বেশ উদ্বিগ্ন ছিলেন তিনি। তবে মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এটি। এখনো অনেক দর্শক তার সঙ্গে দেখা করে সিরিজটির গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাওয়ার কথা জানান।
এ বছর অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে পরপর তিনটি সিনেমায় কাজ করেছেন দিব্যা।
‘গজব রাত’-এ মনোজের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’-এ তাদের চরিত্র দুজন প্রেমিক-প্রেমিকার, তবে তাদের আদর্শগত পার্থক্য রয়েছে। অন্যদিকে ‘গান্ধী অ্যান্ড মাই মাদার’-এও একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাঁদের।
সম্প্রতি একটি সিনেমার কাজ শেষ করেছেন দিব্যা। সেখানে আবারও একসঙ্গে কাজ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বলেন, এবার তাদের একসঙ্গে মাত্র একটি দৃশ্য ছিল। তবে এর আগে ‘দিল্লি-৬’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছেন তারা।
দিব্যার আগামী কাজের তালিকায় রয়েছে জিমি শেরগিলের সঙ্গে পরিণত বয়সের প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘তুম রাহে না তুম’। এ ছাড়া নীরজ কবির সঙ্গে ‘ইকোজ অব ভ্যালর’ নামের একটি জীবনীভিত্তিক সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে শুক্লা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দিব্যাকে। সেখানে একজন সেনা কর্মকর্তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে।
পাশাপাশি ‘গান্ধী...’ সিনেমার কাজও রয়েছে তার হাতে।
হেমন্ত ও রফির গানের ভক্ত আলমগীর, স্ত্রী রুনা লায়লার কোন গান শোনেন বেশি