পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে

শুক্রবার (১৩ নভেম্বর) প্রযোজক একতা কাপুর ও অমর বুতালা প্রকাশ করেছেন সাজিদ খান পরিচালিত সিনেমা ‘হিরো কি হররিন’-এর নাম ও প্রথম পোস্টার। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

প্রকাশিত পোস্টারে দেখা গেছে, ভয়ংকর এক নারী অবয়ব। লম্বা চুল, রক্তলাল শাড়ি, ক্ষতবিক্ষত মুখ, সাদা চোখ, ধারালো দাঁত ও নখরসদৃশ আঙুল—সব মিলিয়ে চরিত্রটিকে ঘিরে তৈরি হয়েছে ভৌতিক আবহ।

চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় নারী চরিত্রটি প্রচলিত নায়িকার ধারণা থেকে একেবারেই আলাদা। তবে সিনেমাটির গল্প কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি নির্মাতারা।

এদিকে ‘হিরো কি হররিন’ সিনেমার মধ্য দিয়ে আবারও ভৌতিক ঘরানায় ফিরছেন প্রযোজক একতা কাপুর। চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। তার প্রযোজিত সাম্প্রতিক সিনেমার মধ্যে রয়েছে ‘ভূত বাংলা’ ও ‘দ্য ভ্যান’।

অন্যদিকে, এই সিনেমায় একতার সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অমর বুতালা। ‘বজরঙ্গি ভাইজান’, ‘কেশরী’ ও ‘মিশন মজনু’র মতো সিনেমা প্রযোজনার জন্য পরিচিত তিনি।