শুক্রবার (১৩ নভেম্বর) কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ৭৯ তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হুমায়ূন আহমেদ নাটক-সিনেমা নির্মাণের পাশাপাাশি বেশ কিছু গানও লিখেছেন। এই গানগুলো যুগ পেরিয়ে জেন-জিদের প্লেলিস্টেও রয়েছে। এই গানগুলোতে ফেসবুক রিলস, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রজন্মকে ঠোঁট মেলাতে দেখা যায়।
জেনে নেওয়া যাক, হুমায়ূন আহমেদের কোন গানগুলো জেন-জিদের পছন্দের তালিকায়…
১. একটা ছিল সোনার কন্যা
হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার গান এটি। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। পর্দায় এ গানে দেখা গেছে মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ ও জাহিদ হাসানকে।
২. ও আমার উড়াল পঙ্খিরে
এটি হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’ সিনেমার গান। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সুবীর নন্দী। পর্দায় এ গানে দেখা গেছে মেহের আফরোজ শাওন ও ফেরদৌসকে।
৩. চাঁদনী পসরে কে আমায় স্মরণ করে
এটিও হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’ সিনেমার গান। তার লেখা এই গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী। পর্দায় এ গানে দেখা গেছে আসাদুজ্জামান নুর ও মেহের আফরোজ শাওন ও ফেরদৌসকে।
৪. যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়
এই গানটি হুমায়ূন আহমেদের এক অসাধারণ সৃষ্টি। মেহের আফরোজ শাওনের কণ্ঠে এই গানটি চলচ্চিত্রে নয়, পাওয়া গিয়েছিল নাটকে। এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন এস আই টুটুল।
৫. আমার ভাঙা ঘরে ভাঙা চালা
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ব্যবহৃত এই গানটির সুর ও সংগীত মাকসুদ জামিল মিন্টুর। গানটির দুইটি ভার্সন আছে। মূল ছবিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। অ্যালবামে মেহের আফরোজ শাওনের কণ্ঠেও শোনা যায় এই গান। চলচ্চিত্রে গানের সাথে ঠোঁটও মিলিয়েছেন মূল নায়িকা শাওন।
নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র মো: শাকিব বলেন, ‘হুমায়ূন আহমেদের লেখা গানের কথাগুলো সব সময় নতুন মনে হয়। এটা নির্দিষ্ট কোনও প্রজন্মের জন্য না, আমি মনে করি আগামী প্রজন্মের পছন্দের তালিকাতেও তার লেখা গানগুলো থাকবে।’
প্রেমা নামের টিকটক ব্যবহারকারী একজন বলেন, ‘হুমায়ূন আহমেদের গানগুলোর কথা ও সুর সব সময় মন ছুঁয়ে যায়। এখন নতুন যে গান হচ্ছে সেগুলোর চেয়ে তার গানগুলোর কথা ও সুর অনেক উঁচুমানের বলা চলে। আমি প্রায় সময় তার গান শুনি।’
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি