ঈদে মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে এম রাহিম নির্মিত, সিয়াম আহমেদ এবং শবনম বুবলী অভিনীত ‘জংলি’। এমনকি, দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করে কানাডা, আমেরিকা ও ইউকে’র ৪০টি থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমা ‘জংলি’।
২৫ এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে এই সিনেমাটি।
এবার ‘জংলি’ টিমের জন্য এল আরও একটি সুখবর!
কানাডা ও আমেরিকার বক্স অফিসে প্রথম ৩ দিনের গ্রস ৩৫,০০০ ডলার আয় করে শুভসূচনা করেছে ঈদের ফ্যামিলি ব্লকবাস্টার সিনেমা 'জংলি'।
পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বক্স অফিস ‘কমস্কোর’ এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছেন। তিনি এই প্রতিষ্ঠানের পরিবেশিত ‘প্রিয়তমা’ সিনেমার কথাও বলেছেন তুলনা করতে গিয়ে।
এরপর তিনি লিখেছেন, “প্রিয়তমা’ অবশ্য শেষ পর্যন্ত ১৩২,০০০ ডলার এর বিশাল কালেকশন তুলতে পেরেছিল। ‘জংলি’ সে পর্যন্ত যেতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। তবে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশের সিনেমার প্রেস্টিজিয়াস ১০০,০০০ ডলার ক্লাবে ৬ষ্ঠ সদস্য হিসেবে ঢুকে পড়বে কিনা তা বুঝা যাবে এ সপ্তাহ শেষে। প্রথম সপ্তাহের আয়ই মূলত একটা ধারণা দেবে, কতদূর যাবে ‘জংলি’। শীর্ষস্থান নিয়ে যথারীতি টরন্টো ও নিউ ইয়র্কের মধ্যে কঠিন লড়াই হচ্ছে। প্রথম ৩ দিনের আয়ে আপাতত টরন্টো এগিয়ে আছে। ‘জংলি’ আসলে একটা চমৎকার অভিজ্ঞতা, হলে, বক্স অফিসে। ‘জংলি’র এ দারুণ যাত্রা চলতে থাকুক।”
বলা প্রয়োজন, কানাডা, আমেরিকা ও ইউকে'র ৪০টি থিয়েটারে ২৫ এপ্রিল ২০২৫ থেকে মুক্তি পেয়েছে এই ঈদে পরিবারের সবচে পছন্দের সিনেমা ‘জংলি’। স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় ঈদের সিনেমাগুলোর মাঝে দেশের বাইরে সবচে বেশী থিয়েটারে একযোগে মুক্তি পায় এই সিনেমাটি।
প্রথম সপ্তাহে,ক্যানাডার ৫টি,অ্যামেরিকার ২৮টি ও ইউকের ৭টি থিয়েটারে চলছে ‘জংলি’। ইউকে'তে স্বপ্ন স্কেয়ারক্রো-এর সাথে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।
কানাডা
টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর
আমেরিকা
নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি, ক্যানসাস সিটি
ইংল্যান্ড
লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন, ফেলথাম
উল্লেখ্য, ‘জংলি’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা।
‘জংলি’ সিনেমার চারটি গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।