সিনেমার এই সঙ্কটে যে কয়েকজন অভিনেত্রী নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে শবনম বুবলী থাকবেন প্রথম সারিতেই। অন্যদিকে অভিনেতা আব্দুন নূর সজল এখন বড় পর্দায় বেশ নিয়মিত। এবার তারা প্রথমবারের মতো জুটিবেধে কাজ করছেন একটি সিনেমায়।
সিনেমার নাম ‘শাপলা শালুক’। এটি নির্মাণ করছেন রাশেদা আক্তার লাজুক।
বর্তমানে ছবিটির শুটিং হচ্ছে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে। টানা ১০ দিন এখানে শুটিং চলছে, চলবে ঈদের আগ পর্যন্ত। ঈদের পর বাকী শুটিং হবে ঢাকার গাজীপুরসহ বিভিন্ন লোকেশনে।
শুটিংয়ের আপডেট জানাতে গিয়ে আব্দুন নূর সজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শেরপুরে প্রায় ১০ দিন হলো শুটিং করছি। চমৎকার পরিবেশ! তবে প্রচন্ড গরম এখানে। এরমধ্যেই শুটিং করতে হচ্ছে।’
প্রথমবারের মতো বুবলীর সঙ্গে জুটিবেধে কাজ, এ বিষয়ে সজল বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার একজন অভিনেত্রী। একটা চরিত্রের জন্য তিনি এতটা এফোর্ট দেন যা দেখার মতো। আর আমরা প্রথমবারের মতো একসাথে কাজ করছি, কিন্তু মনেই হচ্ছে না প্রথমবার কাজ করছি।’
বলা প্রয়োজন, সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, পরবর্তীতে সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, ‘শাপলা শালুক’ সিনেমায় সজল-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।