অভিনেতা আরিফিন শুভ মা অন্তপ্রাণ ছিলেন। মা মারা যাওয়ার পর এই অভিনেতা প্রায়ই মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণা করেন। ঈদের দিনেও সেই মাকেই মনে করলেন তিনি। এমন আনন্দের দিনে মাকে স্মরণ করে আবেগে ভেসে গেলেন এই অভিনেতা।
৭ জুন অর্থাৎ ঈদের দিন মায়ের কবর জিয়ারত করার একটি ছবি পোস্ট করেছেন শুভ। সেখানে দেখা যাচ্ছে, কবরের সামনে দাঁড়িয়ে তিনি মোনাজাত করছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে?’
একদম শেষে গভীর শোক নিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি...তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা।’
বলা প্রয়োজন, ২০২৪ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভ তার মাকে হারান।
এদিকে, ‘নীলচক্র’ সিনেমা দিয়ে অনেক দিন পর ঈদে ফিরেছেন আরিফিন শুভ। ৭ জুন মুক্তি পেয়েছে সিনেমাটি। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী।
জানা গেছে, দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।