বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) থেকে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে।
প্রথম ধাপে ছবিটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শাখা), স্টার সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ শাখা), যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও নারায়ণগঞ্জ—দুই শাখাতেই প্রতিদিন দুটি করে প্রদর্শনী থাকছে। শোর সময় দুপুর ২টা ও সন্ধ্যা সাড়ে ৭টা। অন্য তিনটি প্রেক্ষাগৃহেও নিয়মিত প্রদর্শনী চলছে।
‘মাস্তুল’-এর গল্প একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি এবং বন্দর এলাকার এক পথশিশুকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে ভাসমান মানুষের জীবনসংগ্রাম, মানবিক সম্পর্ক, নিঃসঙ্গতা ও বেঁচে থাকার লড়াই। নারায়ণগঞ্জ নদীবন্দরকে কেন্দ্র করে বাস্তব লোকেশনে নির্মিত এ ছবিতে পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি প্রকৃত ট্যাংকারকর্মীরাও অভিনয় করেছেন।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা। ছবিটি মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্পেশাল মেনশন অর্জনের পাশাপাশি রাশিয়ার চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা শৈল্পিক অবদান পুরস্কার জিতেছে ‘মাস্তুল’।