সালমান শাহর নায়িকারা কে কোথায়

মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করেছেন প্রয়াত নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের এই অল্প সময়ে তার সঙ্গে ১১ জন নায়িকা জুটি বেঁধেছেন। তার সর্বাধিক সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। এক ডজনেরও বেশি সিনেমায় তারা দুজন জুটি বেঁধে অভিনয় করেন।

এদিকে প্রায় তিন দশক হয়েছে সালমান শাহ নেই। কিন্তু এতটুকু কমেনি তার আবেদন ও জনপ্রিয়তা। একই সঙ্গে তার নায়িকাদের প্রতিও ভক্তদের দারুণ আগ্রহ রয়েছে। জেনে নেওয়া যাক তার নায়িকারা কে কোথায় আছেন-

মৌসুমী

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে সালমানের  যাত্রা শুরু হয়। এ সিনেমাতে তার নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’ও ‘দেনমোহর’ ছবিতে তাদের দেখা যায়। বর্তমানে তিনি আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

সালমান শাহ ও মৌসুমী

শাবনূর

নব্বই দশকের সেরা রোমান্টিক জুটি বলা হয় সালমান শাহ ও শাবনূরকে। এ জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো ‘তুমি আমার’, ‘সুজন সাথী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘আনন্দ অশ্রু’ও ‘বুকের ভিতর আগুন’। বর্তমানে শাবনুর অস্ট্রেলিয়ায় পুত্র আইজান নেহান ও ছোট ভাইবোনদের সঙ্গে বসবাস করছেন। এ দশকের বেশি সময় নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

শাবনাজ

এ নায়িকা বর্তমানে অভিনয় ছেড়ে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত আছেন। তিনি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা নাঈমকে।  সালমান শাহের সঙ্গে ‘আঞ্জুমান’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’ ছবিতে তাকে দেখা গেছে।

শাহনাজ

সালমান শাহর জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে একটি ‘সত্যের মৃত্যু নেই’। তার মৃত্যুর অল্প কিছুদিন পর এটি মুক্তি ফেয়েছে। এ সিনেমায় তার নায়িকা ছিলেন শাহনাজ। দুই দশকের বেশি সময় তিনি আড়ালে আছেন। এ সময়ে তাকে কোথাও দেখা যায়নি। সিনেমা সংশ্লিষ্ট কেউ কেউ বলেন, বর্তমানে অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন তিনি।

শিল্পী

‘প্রিয়জন’ সিনেমায় সালমান শাহের বিপরীতে ছিলেন শিল্পী। ২০০০ সালে সিনেমা ছেড়ে দেন এ নায়িকা। ২০১৩ সাল পর্যন্ত অনিয়মিতভাবে নাটকে কাজ করেছেন তিনি। বর্তামানে ঘর-সংসার করছেন তিনি।

লিমা

সালমানের ‘প্রেমযুদ্ধ’ ও ‘কন্যাদান’ ছবিতে লিমার অভিনয় দারুণ প্রশংসিত হয়। নব্বই দশকের শেষদিকে সিনেমা ছেড়ে চলে যান তিনি। দীর্ঘদিন পার্লার ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। তবে বর্তমানে সিনেমা অঙ্গনের কারও সঙ্গে তার যোগযোগ নেই। সিনেমা ছেড়ে দেওয়ার পর তিনি কখনো প্রকাশ্যে আসেননি।

কাঞ্চি

সালমান শাহের ক্যারিয়ারে দারুণ একটি সিনেমা ‘আনন্দ অশ্রু’। শাবনুরের পাশাপাশি এ ছবির নায়িকা ছিলেন কাঞ্চি। বর্তমানে বিদেশে বসবাস করছেন বলে খবর পাওয়া যায়। তবে কোন দেশে আছেন তা নিশ্চিত নয়।

বৃষ্টি

 ‘এই ঘর এই সংসার’ছবিতে সালমানের বিপরীতে বৃষ্টির অভিনয় দর্শকের মনে দাগ কাটে। জানা গেছে, বর্তমানে আমেরিকায় আছেন এই অভিনেত্রী।

সালমানের সর্বাধিক সিনেমার নায়িকা শাবনুর

সোনিয়া

সালমান শাহের সঙ্গে ‘স্বপ্নের ঠিকানা’ ছবিতে দেখা যায় তাকে।  প্রায় ২০ বছর ধরে তিনি অভিনয়ের বাইরে আছেন। বর্তমানে লন্ডনে বসবাস করছেন এ নায়িকা। সেখানে স্বামী, সংসার ও সন্তানদের নিয়ে বেশ সুখেই কাটছে তার দিনকাল।

সাবরিনা

‘আশা ভালোবাসা’ ছবিতে সালমান শাহর নায়িকা ছিলেন সাবরিনা। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে নারায়ণগঞ্জে সংসার করছেন তিনি। সেখানে স্বামী ও সন্তান নিয়ে সুখে আছেন তিনি।

শ্যামা

‘শুধু তুমি’ ছবিতে তিনি সালমানের নায়িকা ছিলেন তিনি। ঢালিউডের এক হতভাগ্য অভিনেত্রী বলা হয় তাকে। অল্প বয়সেই নিভে গেছে তার জীবন প্রদীপ। নব্বই দশকের শেষদিকে সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু হয় তার।