নব্বই দশকের শেষের দিকে ১৯৯৮ সালে মুক্তি পায় জনপ্রিয় বাংলা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। দুই বাংলায় এ সিনেমা সে সময় ঝড় তোলে। নতুন প্রজন্মের মুখে মুখেও এ সিনেমার গানগুলোর শোনা যায়।
‘হঠাৎ বৃষ্টি’মুক্তির ২৮ বছর পর নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন সিনেমাটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে।
মুক্তির আগে দেখে নেওয়া যাক, নতুন সিনেমায় নতুন কী থাকছে-
অভিনয়শিল্পীর পরিবর্তন
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী।
নতুন সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছেন কামরুজ্জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ও রাদিফা। আরও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরীসহ অনেকে।
নতুন গান
‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল ‘এ যেন হঠাৎ বৃষ্টি’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’। নতুন সিনেমাতেও এই তিনটি গান রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দুটি নতুন গান, ‘মেঘের ভেলায়’ ও ‘একটা গল্প অল্প অল্প’।
এর একটি গেয়েছেন কনা ও ইমরান, অন্যটি লিজা। নতুন দুই গানের গীতিকার সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
বদলে গেছে শুটিং লোকেশন
নতুন সিনেমায় বড় পরিবর্তন এসেছে শুটিংয়ের জায়গায়।ভারতের রাজস্থানে ‘হঠাৎ বৃষ্টি’র গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। তবে ‘আবার হঠাৎ বৃষ্টি’র শুটিং হয়েছে বাংলাদেশের শ্রীমঙ্গলে।
পরিচালক কামরুজ্জামান বলেন, নতুন করে এ ধরনের সিনেমা নির্মাণ করা বড় চ্যালেঞ্জ। তার ভাষ্য, মূল গল্প আগের মতোই রাখা হয়েছে। তবে বর্তমান সময়ের কথা মাথায় রেখে গল্পটি বলা হয়েছে।
২৮ বছর পর ফিরছে সেই আবহ
১৯৯৮ সালে কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের পরও ‘হঠাৎ বৃষ্টি’ দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ২৮ বছর পর সেই গল্পের আবহে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।