টিভি নাটকে এখন আর নেই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমার জন্যই তিনি ছোটপর্দার কাজ থেকে দুরে আছেন বলে জানা যায়। ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’সিনেমায় প্রশংসা কুড়ান অভিনেত্রী।
বর্তমানে তার হাতে আছে ‘তৃতীয় সিনেমা। এরই মধ্যে কলকাতায় চুপিসারে সে সিনেমার শুটিংও করেছেন মেহজাবীন।
আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি হয়ে আসছেন ছোটপর্দার এই নায়িকা। মুক্তির আগে তার উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না।
তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ছোট পর্দা ও ওটিটিতে নানা ধরনের গল্পের কনটেন্ট বানিয়ে পরিচিতি পাওয়া ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। শুরু থেকেই সিনেমাটি নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন এই নির্মাতা। ছবির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমাটিতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার।