হেমন্ত ও রফির গানের ভক্ত আলমগীর, স্ত্রী রুনা লায়লার কোন গান শোনেন বেশি

পেশাগত দিক থেকে দুই ভূবনের দুই বাসিন্দা বর্ষীয়ান অভিনেতা আলমগীর ও উপমহাদেশের সংগীতশিল্পী রুনা লায়লা। তবে বাস্তব জীবনে একই ঘরে তারা বাস করছেন। পর্দার প্রেম থেকে রিয়েল লাইফেও সেটি রূপ নেই তাদের দুজনের।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘শিল্পী’ শিরোনামের একটি সিনেমাতে অভিনয় করেন রুনা লায়লা। সেখানে নায়ক হিসেবে তার বিপরীতে ছিলেন আলমগীর।

পরবর্তীতে সেই ছবিই হয়ে ওঠে দু’জনের সম্পর্কের পথচলার সূচনা।’ এরপর ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। বর্তমানে এক ছাদের নিচে দুই যুগের বেশি সময় সংসার করছেন তারা।

অভিনেতা হিসেবে পরিচিত হলেও গানের প্রতিও আলমগীরের রয়েছে বিশেষ ভালোবাসা। কয়েকটি সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার একটি পুরোনো ভিডিও। সেখানে নিজের গানের পছন্দের কথা জানান এই অভিনেতা।

আলমগীর জানান, গান শুনতে ভীষণ ভালোবাসেন তিনি। সবচেয়ে বেশি শোনেন হেমন্ত মুখোপাধ্যায়ের গান। এরপর রয়েছে মোহাম্মদ রফির গান। নিজেকে হেমন্ত মুখোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় স্ত্রী রুনা লায়লার গান নিয়েও কথা বলেন আলমগীর। জানান, স্ত্রীর কয়েকটি গান তার বেশ পছন্দের। এর মধ্যে একটি হলো ‘যখন থামবে কোলাহল’।