‘আগুনের পরশমণি’ থেকে ‘ঘেটুপুত্র কমলা’, হুমায়ূনের ৫ সিনেমার গল্প

শুক্রবার (১৩ নভেম্বর) কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ৭৯ তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান হুমায়ূন আহমেদ।

তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার বড়। জনপ্রিয় কথাসাহিত্যিক জাফর ইকবাল তার ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব। ২০১২ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হুমায়ূন আহমেদের জন্মদিনে জেনে নিতে পারেন তার নির্মিত ৫টি সিনেমার কথা-

আগুনের পরশমণি

 ‘আগুনের পরশমণি’ দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে হুমায়ূন আহমেদের। সিনেমাটি তার একই নামের উপন্যাস থেকে নির্মিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। এতে মুক্তিযুদ্ধের সময়ের পাকসেনাদের নৃশংসতা, মুক্তিবাহিনীর গেরিলা অপারেশন, সাধারণ মানুষের আতঙ্ক- সবকিছু ওঠে এসেছে।

১৯৯৫ সালে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর, শিলা আহমেদসহ আরও অনেক।

১৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে। নিঃসন্দেহে, বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্রগুলোর মধ্যে এ সিনেমাটির স্থান শীর্ষ পর্যায়ে।

শ্রাবণ মেঘের দিন

১৯৯৯ সালে নির্মিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন ও মাহফুজ আহমেদসহ অনেকে।

এ সিনেমায় শহরের মানুষের চোখে গ্রামের সরলতা, গ্রামের সবার মধ্যে বন্ধন এবং সহযোগিতা চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি আছে নৌকা ভ্রমণ, মাঝির গান, যাত্রাপালা, আঞ্চলিক গানের দল ইত্যাদি তুলে ধরা হয়েছে। এই সিনেমায় ‘একটা ছিল সোনার কন্যা’ গান লেখার মাধ্যমে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে হুমায়ূন আহমেদের। গানটিও তুমুল জনপ্রিয়তা পায়।

দুই দুয়ারী

২০০০ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘দুই দুয়ারী’সিনেমা। তৎকালীন ঢাকা শহরের প্রেক্ষাপট ফুটে উঠেছে এই সিনেমায়। এই সিনেমায় অভিনয়ের জন্য অভিনেতা রিয়াজ প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। রিয়াজের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন, মাহফুজ আহমেদ, ডা. এজাজসহ আরও অনেকে। এই সিনেমায় আগুনের কণ্ঠে ‘মাথায় পড়েছি সাদা ক্যাপ’ গানটি দারুণ সাড়া ফেলে।

চন্দ্রকথা

হুমায়ূন আহমেদের জনপ্রিয় সিনেমাগুলোর আরও একটি ‘চন্দ্রকথা’। এতে অভিনয় করেছেন ফেরদৌস, মেহের আফরোজ শাওন, আসাদুজ্জামান নূর, আহমদ রুবেল, চম্পা, এবং স্বাধীন খসরুসহ অনেকে।

এ সিনেমায় সুবীর নন্দীর গাওয়া ‘ও আমার উড়াল পঙ্ক্ষীরে’ গানটি এখনও শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। মুক্তি পায় ২০০৩ সালে।

ঘেটুপুত্র কমলা

হুমায়ূন আহমেদ পরিচালিত সবশেষ সিনেমা ঘেটুপুত্র কমলা। যে বছর সিনেমাটি মুক্তি পায় সে বছরেই মৃত্যু হয় এই কথাসাহিত্যিকের। প্রায় দেড়শ বছর আগের সিলেটের হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামের এক ঘেটুপুত্রের কল্পকাহিনী নিয়ে তৈরি এ চলচ্চিত্রটি।

সিনেমাটি মুক্তির পর বেশ সমালোচনারও জন্ম দিয়েছিল। এতে ‘কমলা’ চরিত্রে দেখা গেছে শিশুশিল্পী মামুনকে। এ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শামিমা নাজনিন, আগুনসহ আরও অনেকে।