আবারও বোমা হামলার হুমকি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে! ২৭ নভেম্বরের মধ্যে মুম্বাইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’-র নাম উল্লেখ করে হুমকির ইমেল পাঠানো হয়েছে। শুধু তার বাড়ি নয়, মুম্বাইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে।
এর মধ্যে রয়েছে মেয়রের দফতর, একটি ব্যাংক, আদালত, মহালক্ষ্মী রেসকোর্স এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম।
ঘটনার পরেই সতর্ক হয়েছে মুম্বাই পুলিশ। সংশ্লিষ্ট এলাকাগুলিতে শুরু হয়েছে তল্লাশি। খবর, বোম নিষ্ক্রিয়কারী দল এবং নিরাপত্তাকর্মীরা ইমেলে উল্লেখ করা জায়গাগুলিতে তল্লাশি চালান। যদিও এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক কোনও বস্তু বা বিস্ফোরক মেলেনি। কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। হুমকির সত্যতা যাচাই করতেও তদন্ত শুরু হয়েছে।
গত ২৩ অক্টোবরও একই ধরনের একটি হুমকি ইমেলে অমিতাভের জুহুর বাড়ির নাম উল্লেখ করা হয়েছিল। এর পাশাপাশি দিলজীত দোসাঞ্ঝের মুম্বইয়ের অনুষ্ঠানেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
ওই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার কথা বলা হয়েছিল। পাশাপাশি দাবি করা হয়েছিল, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ‘জলসা’তেও হামলা হতে পারে।
সেই ইমেলে খলিস্তানের প্রসঙ্গও ছিল। আরও দাবি করা হয়েছিল, আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজীত দোসাঞ্ঝের অনুষ্ঠানের সময়ও হামলা হতে পারে। ওই হুমকির পরেই অমিতাভের বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করা হয়।
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য