দীর্ঘ সময় পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও সুমাইয়া শিমুর জুটি। তবে এবার টেলিভিশনে নয়, তাদের যাবে ঈদে বড়পর্দায়। পারিবারিক ভ্রমণ, আনন্দ, আবেগ আর হাস্যরসের মিশেলে ‘যাত্রা বিরতি’শিরোনামে একটি সিনেমায় দেখা যাবে তাদের।
২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে তাদের সঙ্গে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামানসহ একঝাঁক পরিচিত মুখ। বর্তমানে কুয়াকাটায় চলছে সিনেমাটির শুটিং।
‘যাত্রা বিরতি’ নির্মাণের মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন কাজী আসাদ। ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, উৎসবের সময় পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর যে আনন্দ, সেটিই গল্পের মূল ভাবনা। সে কারণে ঈদের আবহের সঙ্গে সিনেমাটির গল্প বেশ মানানসই বলে মনে করছেন তিনি।
দীর্ঘদিন পর নতুন সিনেমায় অভিনয় করছেন সুমাইয়া শিমুও। চিত্রনাট্য ও নিজের চরিত্র পছন্দ হলেও শুরুতে কাজটি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন অভিনেত্রী। পরে সহশিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি। শিমুর প্রত্যাশা, পর্দায় একটি পরিবারের গল্প দেখতে গিয়ে দর্শকেরা নিজেদের জীবনের নানা মুহূর্ত খুঁজে পাবেন।
পরিচালক কাজী আসাদের সঙ্গে আগেও কাজ করেছেন মোশাররফ করিম। তার পরিচালিত ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার। ফলে নতুন সিনেমায় কাজের ক্ষেত্রে আগে থেকেই দুজনের মধ্যে বোঝাপড়া রয়েছে।
দীর্ঘদিন পর সুমাইয়া শিমুর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগার কথা জানিয়েছেন মোশাররফ করিম। গল্পটিও তার বেশ পছন্দ হয়েছে। তবে নিজের কাজটি যথাযথভাবে সম্পন্ন করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার বিশ্বাস, কাজটি ভালোভাবে করতে পারলে দর্শকেরও ভালো লাগবে।
সিনেমাটির গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।