সোনিয়া গান্ধী ভারতের অন্যতম প্রভাবশালী রাজনীতিবীদ। অনেক বছর আগে তার সামনে একবার নাচ পরিবেশন করেছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী অপি করিম। বাংলাদেশ শিশু একাডেমী থেকে সে সময় নাচের দল নিয়ে ভারতে গিয়েছিলেন তিনি।
সেখানে পরনে লুঙ্গি আর কপালে গামছা বেধে ‘নোঙর ছাড়িয়া’ গানের সঙ্গে নেচেছিলেন অভিনেত্রী। সোনিয়া গান্ধী সে আয়োজনে প্রধান অতিথি ছিলেন। তিনি অপি করিমের নাচ দেখে সে সময় তাকে ‘বোট ম্যান’ উপাধিতে ভূষিত করেন।
সম্প্রতি শিল্পী জীবনের এ রকম নানান অভিজ্ঞতা অপি করিম শেয়ার করেছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। এটি পডকাস্টের দ্বিতীয় সিজনের পঞ্চাশতম পর্ব। এই পর্ব একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ, শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টায়।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অপি করিম বলেছেন, ছোটবেলায় তিনি এবং তার বোন বরেণ্য নির্মাতা প্রয়াত আলমগীর কবিরের বেশ কয়েকটি প্রামাণ্যচিত্রে কাজ করেছিলেন। এই অভিজ্ঞতা তার জন্য বরাবরই বিশেষ।
সে সময় প্রয়াত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘শঙ্খনীল কারাগার’ সিনেমাতেও সুবর্ণা মুস্তাফার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অপি।
সকাল সন্ধ্যা, শুকতারা, আপনজন অনেক নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে পরিচিতি পেলেও নিজেকে কখনোই তারকা মনে করতেন না। বরং ভাই বোন, পাড়ার বন্ধু-বান্ধবদের সঙ্গে ছাদে ফুটবল খেলতেন। সেই ফুটবল কখনও গিয়ে পড়তো পাশেই নৃত্য গুরু শিবলী মুহম্মদের বাড়িতে। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন