নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া। ‘মাস্তান রাজা’ সিনেমাতে শিশুশিল্পী চরিত্রে প্রথমবার সিনেপর্দায় আসেন তিনি। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘প্রেম শক্তি’ সিনেমায় নায়িকা চরিত্রে দর্শকের মনে দাগ কাটেন তিনি।
তবে দুই দশকের বেশি সময় ধরে সোনিয়া সিনেদুনিয়ায় নেই। বর্তমানে লন্ডনেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখান থেকেই এ প্রতিবেদকের সঙ্গে তার কথা হয়।
ক্যারিয়ারের চাঙ্গা সময়ে ফিল্ম পলিটিক্সে পড়েছিলেন বলে জানান ‘পরান কোকিলা’খ্যাত নায়িকা। কী ধরনের পলিটিক্স হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সাইন করা সিনেমায় অন্য নায়িকা কাজ করেছেন। চুক্তিবদ্ধ হওয়া সিনেমা থেকে আমাকে বাদ পড়তে হয়েছেছিল।’
সোনিয়ার ভাষ্য, ‘নাম প্রকাশ না করে একটি সিনেমার কথা বলি, সে সিনেমায় ওমর সানী-মৌসুমী আপা শুটিং করছিলেন। দুই দিন পর আমার শুটিং করার কথা ছিল। আমি চুক্তিবদ্ধও ছিলাম। কিন্তু শুটিংয়ের আগের রাত জানতে পারি আমাকে বাদ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শাবনূরের সঙ্গে একটি সিনেমা থেকে আমার সংলাপ ও গান বাদ দেওয়া হয়েছে। এমন আরও অনেক কিছু আমার সঙ্গে ঘটেছে। আরও একটি সিনেমায় আমাকে নেতিবাচক চরিত্রে দেখানও হয়েছে। এটাকেই ফিল্ম পলিটিক্স বলে তখন জানতাম না।’
সোনিয়া ক্যারিয়ারে প্রায় ৫০টির মতো সিনেমায় অভিনয় করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো ‘স্বপ্নের ঠিকানা, ‘বাংলার নায়ক, ‘শত জনমের প্রেম’, ‘প্রেম প্রতিশোধ’ ‘পরান কোকিলা’ ও ‘ভয়ংকর সাতদিন’।
সোনিয়া অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ছিল ‘বউ শাশুড়ীর যুদ্ধ’। এরপর আর কোনও সিনেমায় কাজ করেনি।