পৃথিবীর চতুর্থ সম্মানজনক প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের নাম লোকার্নো ফিল্ম ফেস্টিভাল। কান, ভেনিস এবং বার্লিনের পরেই উচ্চারিত হয় লোকার্নো’র নাম। আব্বাস কিয়ারোস্তামি সহ বহু বিশ্বখ্যাত চলচ্চিত্রকারকে আবিষ্কার করেছে ‘লোকার্নো ওপেন ডোরস’।
বড় খবর হলো, এ ‘লোকার্নো ওপেন ডোরস’ আগামী তিন বছরের জন্য ফোকাস কান্ট্রি হিসাবে বেছে নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের ৬টি দেশকে। পাশাপাশি এ বছর ফোকাস কান্ট্রির অংশ হিসাবে বাংলাদেশের কিছু বাছাই করা ছবি দেখানো হবে উৎসব চলাকালীন সময়ে।
এ বিষয়ে দেশের অন্যতম চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। আরও আনন্দ এই যে, কি করে আমরা আন্তর্জাতিক মানের ভালো সিনেমা প্রজেক্ট তৈরি করতে পারি, বর্তমান বিশ্ব চলচ্চিত্রের হালচাল কেমন যাচ্ছে এবং আরও নানা বিষয়ে ‘ওপেন টক’ করতে ঢাকায় আসছেন ‘ওপেন ডোরস’ এর কনসালট্যান্ট পাওলো বার্তোলিন।’’
তিনি আরও জানান, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সহযোগিতায় এ ‘ওপেন ডোরস টক’ অনুষ্ঠান হবে চলতি মাসের ১৬ তারিখ বিকাল ৫টায় জার্মান কালচারাল সেন্টারে। আর এতে অংশ নিতে আগ্রহীরা নিজের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সহ শিগগিরই লিখে পাঠাতে হবে opendoors@pardo.ch -এই মেইলে।
/এমএম/