গোল্ডেন গ্লোবসের নতুন যুগের শুরুতে ফেভারিট যারা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে গোলাপি পার্টি জমিয়ে তুলতে যাচ্ছে ‘বার্বি’! এর মাধ্যমে শুরু হচ্ছে হলিউডের ঝলমলে পুরস্কার মৌসুম। এজন্য তারকারা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের জোড়া ধর্মঘটের পর টিনসেলটাউনের প্রথম বড় পরিসরের আয়োজন হতে যাচ্ছে এটাই। অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের পৃথক ধর্মঘটের কারণে কয়েক মাস ধরে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বন্ধ থাকার পাশাপাশি বেশ কিছু লালগালিচা অনুষ্ঠান বাতিল হয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩০০ জন বিনোদন সাংবাদিকের ভোটে ২০২৩ সালের চলচ্চিত্র ও টেলিভিশনে সেরাদের পুরস্কৃত করা হবে। এর আগে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের ৮০ জন সাংবাদিক বিজয়ী তালিকা নির্বাচন করতেন, যাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ ও পুরুষ। 

দুর্নীতির অভিযোগে এবং জাতিগত বৈচিত্র্য না থাকায় সাম্প্রতিক বছরগুলোতে সমালোচিত হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। এ কারণে এবার নতুন মালিকানায় ভোটিং সদস্যপদ বর্ধিত করা হয়েছে। শুধু তাই নয়, ভিন্ন একটি টিভি নেটওয়ার্ক ও নতুন সঞ্চালক থাকছে এবার। সব মিলিয়ে নতুন যুগের শুরু হচ্ছে।

মনোনয়নে এগিয়ে

নারী ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে বিশ্বকাঁপানো ‘বার্বি’ ৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সর্বাধিক ৯টি বিভাগে মনোনীত হয়েছে। দ্বিতীয় সর্বাধিক ৮টি মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। 

গত বছর একই দিনে (২১ জুলাই) মুক্তি পাওয়ার ফলে ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’-এর বক্স অফিস যুদ্ধকে বলা হয়েছে ‘বারবেনহাইমার’। এবার গোল্ডেন গ্লোবসের ভিন্ন ভিন্ন বিভাগে লড়ছে সিনেমা দুটি।

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) শাখায় বার্বি পুতুল অবলম্বনে গ্রেটা গারউইগ পরিচালিত ও মার্গো রবি অভিনীত ‘বার্বি’ এবং সেরা চলচ্চিত্র (ড্রামা) শাখায় প্রতিদ্বন্দ্বিতা করছে পারমাণবিক বোমার আবিষ্কারক জে. রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে নির্মিত ‘ওপেনহাইমার’।

টেলিভিশন বিভাগগুলোতে সর্বাধিক ৯টি মনোনয়ন পেয়েছে মিডিয়ার বংশপরম্পরাকে কেন্দ্র করে এইচবিও চ্যানেলের সিরিজ ‘সাকসেশন’। দ্বিতীয় সর্বাধিক পাঁচটি বিভাগে মনোনীত হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুর রন্ধন বিষয়ক কমেডি সিরিজ ‘দ্য বিয়ার’।

মনোনয়নে এগিয়ে তারাফেভারিট যারা

পুরস্কার নিয়ে পূর্বাভাস দেওয়া গোল্ড ডার্বি ওয়েবসাইটের বিশ্লেষকদের মতে, সেরা চলচ্চিত্র (ড্রামা) শাখায় ‘ওপেনহাইমার’ নিরঙ্কুশ ফেভারিট। তবে একই বিভাগে মনোনীত ৭৬তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ চমকে দিতে পারে।

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) শাখায় ‘বার্বি’র জয় একরকম নিশ্চিত! যদিও একই বিভাগে মনোনীত ৮০তম ভেনিস উৎসবে স্বর্ণসিংহ জয়ী ‘পুয়োর থিংস’ বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী।

অভিনয়ের পুরস্কারগুলোর ক্ষেত্রে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির সুবাদে আমেরিকান ক্ষুদ্র-নৃগোষ্ঠী তারকা লিলি গ্ল্যাডস্টোন সেরা অভিনেত্রী (ড্রামা) এবং আমেরিকান সুরকার লেওনার্ড বার্নস্টিনের বায়োপিক ‘মায়েস্ত্রো’র জন্য সেরা অভিনেতা (ড্রামা) হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্র্যাডলি কুপার। তবে কুপারকে হতাশ করতে পারেন পারমাণবিক বোমা আবিষ্কারকের ভূমিকায় অভিনয় করা কিলিয়ান মারফি।

‘পুয়োর থিংস’ ছবির জন্য সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে ফেভারিট ভাবা হচ্ছে আমেরিকান তারকা এমা স্টোনকে। অন্যদিকে ‘দ্য হোল্ডওভারস’ ছবির সুবাদে সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আমেরিকান তারকা পল জিয়ামাত্তি।

‘ওপেনহাইমার’ ছবির জন্য সেরা পরিচালক বিভাগের পুরস্কার আমেরিকান নির্মাতা ক্রিস্টোফার নোলানের হাতে ওঠা একরকম অবধারিত।

গোল্ডেন গ্লোব ট্রফিলিঙ্গ ও জাতিগত বৈচিত্র্য

সাম্প্রতিক বছরগুলোতে লিঙ্গ ও জাতিগত বৈচিত্র্যের অভাবে সমালোচনা হজম করায় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের নতুন ভোটাররা এবারের আসরে সেরা পরিচালক বিভাগে মনোনীত করেছেন দুই নারীকে। ‘বার্বি’র জন্য ব্রিটিশ নির্মাতা গ্রেটা গারউইগ এবং ‘পাস্ট লাইভস’ ছবির সুবাদে দক্ষিণ কোরিয়ান-কানাডিয়ান নির্মাতা সেলিন সং মনোনয়ন পেয়েছেন।

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে মনোনীত হয়েছেন কৃষ্ণাঙ্গ আমেরিকান তারকা জেফ্রি রাইট (আমেরিকান ফিকশন)। সেরা অভিনেতা (ড্রামা) বিভাগে মনোনীতদের মধ্যে আছেন সমকামী কৃষ্ণাঙ্গ আমেরিকান তারকা কোলম্যান ডমিঙ্গো (রাস্টিন)।

কৃষ্ণাঙ্গ অন্য তারকাদের মধ্যে ‘দ্য কালার পারপল’ চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে ফ্যান্টাসিয়া বারিনো এবং সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড্যানিয়েল ব্রুকস। তবে ১৯০০ দশকের গোড়ার দিকে বসবাসকারী কৃষ্ণাঙ্গ আমেরিকানদের গল্প নিয়ে নির্মিত ছবিটি সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে জায়গা পায়নি।

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিভিন্ন বিভাগে ২৭ জন প্রথমবার মনোনয়ন পেয়েছেন।

নতুন দুই বিভাগ

ব্লকবাস্টার ও জনপ্রিয় চলচ্চিত্রকে সম্মান জানাতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে যুক্ত করা হয়েছে ‘সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট’। টেলিভিশন অঙ্গনের জন্য নতুন আরেক বিভাগ ‘সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান’।

পুরস্কার তুলে দেবেন যারা

মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ, অভিনেতা ড্যানিয়েল কালুইয়া, কানাডিয়ান অভিনেতা সিমু লিউ, প্যাট্রিক জে. অ্যাডামস, আমেরিকান টক শো সঞ্চালক অপরাহ উইনফ্রে, অভিনেত্রী হেইলি স্টাইনফেল্ড, জুলিয়া গার্নার, আমান্ডা সেফ্রিড, অ্যাঞ্জেলা ব্যাসেট, ইসা রেই, আমেরিকা ফেরেরা, অভিনেতা উইল ফেরেল, জাস্টিন হার্টলি, গ্যাব্রিয়েল মাক্ট, শেমেক মুর, কমেডিয়ান জর্জ লোপেজ।

জো কয়এবারের সঞ্চালক

ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয় ৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন। এবারই প্রথম কোনও বড় পরিসরের অনুষ্ঠান জমানোর দায়িত্ব পেলেন তিনি। নেটফ্লিক্সের ‘লাইভ ফ্রম দ্য এলএ ফোরাম’ (২০২২), ‘কামিন ইন হট’ (২০১৯) ও ‘লাইভ ফ্রম সিয়াটল’ (২০১৭) কমেডি স্পেশালে দর্শকদের আনন্দ দিয়েছেন ৫২ বছর বয়সী এই তারকা।

বর্ধিত ভোটিং সদস্যপদ

২০২১ সালে লস অ্যাঞ্জেলেস টাইমসের অনুসন্ধানে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আয়োজক সাংবাদিকের অলাভজনক সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনে (এইচএফপিএ) জাতিগত বৈচিত্র্যের অভাব প্রকট হয়। এছাড়া সংস্থাটির কিছু সদস্য অনৈতিকতার সঙ্গে জড়িত। এসব কারণে গত বছর লালগালিচা অনুষ্ঠান ও বিজয়ীদের সশরীরে নিমন্ত্রণ করে পুরস্কার বিতরণ বাতিল করা হয়।

এইচএফপিএ ভেঙে দিয়ে সংস্কারের পর ভোটিং সদস্যপদ বাড়িয়ে করা হয়েছে ৩০০ জন। তাদের ৪৭ শতাংশ নারী। তারা ৭৫টি দেশের নাগরিক। তাদের মধ্যে অ-শ্বেতাঙ্গসহ ৬০ ভাগ সদস্যের মধ্যে জাতিগত বৈচিত্র্য রয়েছে। এরমধ্যে ২৬.৩ শতাংশ লাতিন, ১৩.৩ শতাংশ এশিয়ান, ১১ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ৯ শতাংশ মধ্যপ্রাচ্যের। 

প্রত্যেক ভোটার প্রতিটি বিভাগে একটি করে বিজয়ী নির্বাচন করতে পারবেন। যে চলচ্চিত্র কিংবা অভিনয়শিল্পীকে বেশিসংখ্যক ভোটার ভোট দেবেন, তিনিই পুরস্কার পাবেন।

নতুন মালিকানা

২০২৩ সালের জুনে এলড্রিজ ইন্ডাস্ট্রিজ এবং ডিক ক্লাক প্রোডাকশন্স (ডিসিপি) কিনে নেয় গোল্ডেন গ্লোবসের স্বত্ব। পুরস্কার অনুষ্ঠানের সম্প্রচার সমন্বয় এবং বিশ্বজুড়ে দর্শকসংখ্যা বৃদ্ধির লক্ষ্য তাদের। গোল্ডেন গ্লোবস এখন থেকে লাভজনক উদ্যোগ হিসেবে পরিচালনা করা হবে।

যেখানে দেখা যাবে গোল্ডেন গ্লোবস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেল থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সরাসরি সম্প্রচার করবে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস। বাংলাদেশ সময় সোমবার (৮ জানুয়ারি) সকাল ৭টায় শুরু হবে অনুষ্ঠান। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসের সাবস্ক্রাইবাররা বাড়তি মূল্য দিয়ে এই আয়োজন উপভোগ করতে পারবেন। পরদিন সবার জন্য অবমুক্ত হবে অনুষ্ঠানটি। এতো বছর গোল্ডেন গ্লোবস দেখা গেছে যুক্তরাষ্ট্রের এনবিসি নেটওয়ার্কে।

পুরস্কার তুলে দেবেন যারাঅস্কারের পূর্বাভাস

হলিউডের যেসব পুরস্কারকে অস্কারের পূর্বাভাস হিসেবে দেখা হয় সেগুলোর মধ্যে সামনের সারিতে আছে গোল্ডেন গ্লোবস। এটি জিতলে যেকোনও চলচ্চিত্র কিংবা অভিনয়শিল্পীর মধ্যে মোমেন্টাম চলে আসে। গোল্ডেন গ্লোবসের বিজয়ী তালিকা বেশিরভাগ ক্ষেত্রে অস্কারের ভোটারদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তবে নতুন ভোটার যুক্ত হওয়ার পর সেই ধারাবাহিকতা বজায় থাকে কিনা দেখা যাক।