চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’

বিনোদন ডেস্ক
০৪ জুন ২০২৬, ১৬:৩৯আপডেট : ০৪ জুন ২০২৬, ১৬:৩৯

বাংলাদেশি তথ্যচিত্র ‘পায়ের ছাপ’ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে। জন্ম থেকে দুই হাত না থাকা গাইবান্ধার আয়েশা আক্তারের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি দেশ-বিদেশে আলোচনার জন্ম দিয়েছে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় এবং সাংবাদিক মোস্তফা মল্লিকের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত ২৪ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি গত ১৭ মে চ্যানেল আইয়ে প্রচারের পর ব্যাপক সাড়া ফেলে। এটি সেন্সর বোর্ডের অনুমোদনও পেয়েছে।

আন্তর্জাতিক কার্যক্রমের অংশ হিসেবে চীনের ফটোগ্রাফার, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লিউ জিই (Liu Jie) তথ্যচিত্রটি চীনা ভাষায় অনুবাদ করেছেন। তিনি আয়েশার জীবনসংগ্রামকে চীনের প্রতিবন্ধী অধিকারকর্মী ঝাং হাইদির সঙ্গে তুলনা করেছেন বলে জানা গেছে।

লিউ জিই জানিয়েছেন, আগামী মাসে চীনের সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটি এবং সাউথ চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তথ্যচিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে চীনের তিনটি হাই স্কুলেও এটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যচিত্রে উঠে এসেছে, শৈশব থেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আয়েশার শিক্ষাজীবনের লড়াই। ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে এইচএসসি পাসের পর একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি ‘কিংবদন্তী অ্যাওয়ার্ড’ ও আর্থিক সহায়তা পান, যা দিয়ে তার পরিবার ঘর নির্মাণ করে। পরবর্তীতে বিভিন্ন সহায়তায় তিনি উচ্চশিক্ষা চালিয়ে যান এবং ২০২৫ সালে মাস্টার্সে প্রথম বিভাগ অর্জন করেন।

বর্তমানে আয়েশা গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়াচ্ছেন এবং চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তথ্যচিত্র প্রচারের পর চ্যানেল আই কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানিয়েছেন, স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত আয়েশাকে মাসিক ১০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।

পরিচালক মোস্তফা মল্লিক বলেন, “আয়েশা প্রমাণ করেছে, জীবনকে জয় করতে হাত নয়, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি।”

তথ্যচিত্রটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে ইস্টার্ন ইনস্যুরেন্স ও মালিশাএডু।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন