ভেনিস চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে চমকে দিয়ে স্বর্ণসিংহ পুরস্কার জিতলো ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’। লরা পয়েট্রাসের এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে ৬৮ বছর বয়সী আমেরিকান আলোকচিত্রী ন্যানসি গলডিনের অক্সিকন্টিনে আসক্ত হয়ে পড়া ও উতরে ওঠা এবং অসাধু স্যাকলার পরিবারের বিরুদ্ধে তার লড়াই।
ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এর আগে কেবল একবারই নন-ফিকশন কাজ স্বর্ণসিংহ জিতেছে। সেটি ছিল ২০১৩ সালে ইতালির জানফ্রাঙ্কো রজির ‘স্যাক্রো গ্রা’।
এ নিয়ে টানা তিন আসরে নারীদের হাতে উঠলো স্বর্ণসিংহ। গত বছর ‘হ্যাপেনিং’ ছবির মাধ্যমে এটি জিতেছেন ফরাসি পরিচালক অড্রে ডিওয়ান। ২০১৮ সালে ‘নোম্যাডল্যান্ড’ বানিয়ে চীনের ক্লোয়ি জাও পুরস্কারটি পান। পরে সেটি অস্কার জয় করে।
৫৮ বছর বয়সী আমেরিকান নির্মাতা লরা পয়েট্রাসের কয়েকটি প্রামাণ্যচিত্র বিখ্যাত। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেনের ওপর তার প্রামাণ্যচিত্র ‘সিটিজেনফোর’ অস্কার জিতেছে। ২০০৭ সালে তার ‘মাই কান্ট্রি, মাই কান্ট্রি’ অস্কারে সেরা প্রামাণ্যচিত্র শাখায় মনোনীত হয়।
এবার বিচারকদের প্রধান ছিলেন আমেরিকান অভিনেত্রী জুলিয়ান মুর। মূল প্রতিযোগিতা শাখায় ছিল ২৩টি চলচ্চিত্র।
সেরা অভিনেত্রী হয়েছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট। টড ফিল্ডের ‘টার’ ছবিতে আন্তর্জাতিক অঙ্গনে একজন সফল সংগীত পরিচালকের ভূমিকায় তার অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির সুবাদে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন কলিন ফেরেল। ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন ব্রিটিশ নির্মাতা মার্টিন ম্যাকডোনা। ২০১৭ সালে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি’ ছবির জন্য একই পুরস্কার জেতেন তিনি।
সেরা পরিচালক হয়েছেন ইতালির লুকা গুয়াদানিনো। তার ‘বোনস অ্যান্ড অল’ ছবিতে দারুণ নৈপুণ্যের সুবাদে সেরা নবীন অভিনয়শিল্পী পুরস্কার জিতেছেন কানাডিয়ান অভিনেত্রী টেলর রাসেল।
ইরানে কারাবন্দি পরিচালক জাফর পানাহিকে তার ‘নো বেয়ারস’ ছবির জন্য স্পেশাল জুরি প্রাইজ দেওয়া হয়েছে। গত জুলাইয়ে তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। তার সাজাকে ক্রমবর্ধমান অর্থনৈতিক অস্থিরতা ও রাজনৈতিক চাপের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতার হরণ হিসেবে দেখা হচ্ছে।
গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য খ্যাতি পাওয়া ফ্রান্সের অ্যালিস ডিওপের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘সেন্ট ওমের’। এর গল্প একজন তরুণ ঔপন্যাসিককে কেন্দ্র করে, যিনি ভ্রুণহত্যার দায়ে অভিযুক্ত এক নারীর বিচার পর্যবেক্ষণ করেন।
ইতালির লিদো শহরে পালাৎসো দেল সিনেমায় গত ৩১ আগস্ট শুরু হয় ৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসব। শনিবার (১০ সেপ্টেম্বর) এর সমাপ্তি ঘটেছে।
৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা শাখার বিজয়ীরা
স্বর্ণসিংহ: অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড (লরা পয়েট্রাস, যুক্তরাষ্ট্র)
গ্র্যান্ড জুরি প্রাইজ: সেন্ট ওমের (অ্যালিস ডিওপ, ফ্রান্স)
সেরা পরিচালক: লুকা গুয়াদানিনো (বোনস অ্যান্ড অল, ইতালি)
স্পেশাল জুরি প্রাইজ: নো বেয়ারস (জাফর পানাহি, ইরান)
সেরা চিত্রনাট্যকার: মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন, যুক্তরাজ্য)
সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট (টার, যুক্তরাষ্ট্র)
সেরা অভিনেতা: কলিন ফেরেল (দ্য বানশিজ অব ইনিশেরিন, যুক্তরাজ্য)
সেরা নবীন অভিনয়শিল্পী: টেলর রাসেল (বোনস অ্যান্ড অল, কানাডা)
আজীবন সম্মাননা: ক্যাথেরিন দ্যুনভ ও পল শ্রেডার