অস্কারজয়ী কোরীয় নির্মাতা বং জুন–হোর ‘মিকি ১৭’ সিনেমাটিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। বর্তমানে বার্লিনে অভিনেতা হাজির হয়েছেন এই সিনেমার প্রিমিয়ার উপলক্ষে। আর সেখানেই জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে ‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমার শুটিং।
যদিও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি। অভিনেতা বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের গল্পের বিবরণ দিতে চাননি একদমই। তবে তিনি তার ভক্তদের আশ্বস্ত করেছেন যে, সিনেমাটি হবে ‘দুর্দান্ত’।
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল আরও আগেই। তবে প্যাটিনসন জানিয়েছেন, করোনার কারণে শিডিউল পেছাতে হয়েছে এবং তা এতদিন পর এসে শুরু হচ্ছে।
অবশ্য সিনেমার নির্মাতা ম্যাট রিভস এর আগে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে নিশ্চিত করেছিলেন যে, সিক্যুয়েলটির শুটিং ২০২৫ সালে শুরু হবে।
অন্যদিকে সার্কিস সম্প্রতি এই সিনেমায় কাজের ব্যাপারে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “আমিও সকলের মতোই এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ম্যাট রিভস আমাকে ‘দ্য ব্যাটম্যান ২’-এর গল্প বলেছিলেন এবং আমি এর জন্য অপেক্ষায় ছিলাম।”
বলা প্রয়োজন, আরেক বিখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের আসন্ন ‘ওডিসি’ সিনেমার শুটিংও খুব দ্রুতই শুরু করার কথা রয়েছে রবার্ট প্যাটিনসনের। তবে কীভাবে দু’টি সিনেমার শুটিং ব্যালেন্স করবেন সেটা নিয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেতা।
উল্লেখ্য, রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটি ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি লন্ডনে প্রিমিয়ার হয় এবং ৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সূত্র: ইন্ডিয়া টুডে