বাংলাদেশ সময় আজ ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। পুরস্কারের সংখ্যায় ছাড়িয়ে গেছেন বিয়ন্সেকে। এখন ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া শিল্পী টেইলর সুইফট। এর আগে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে ৩০টি পুরস্কার নিয়ে শীর্ষে তিনি। এবার নতুন একটি সম্মান পাওয়ার মধ্য দিয়ে বিয়ন্সেকে ছাড়িয়ে যান এ তারকা।
‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের ভিডিওর জন্য প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পেয়েছেন টেইলর। গান গাওয়ার পাশাপাশি দৃশ্যনির্ভর গল্প বলায় তার অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই পুরস্কার।
এবারের আয়োজনে ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারও পেয়েছেন টেইলর। পুরস্কারটি গ্রহণের সময় তিনি শ্রদ্ধা জানান প্রয়াত কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টনকে। টেইলর বলেন, ‘পার্টনের লেখা প্রতিটি গানেই গল্প বলার অসাধারণ ক্ষমতা ছিল।’ তার ভাষায়, ‘পার্টন খ্যাতি সামলেছেন ‘অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৌজন্যের সঙ্গে’।
ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানিয়ে টেইলর আরও বলেন, ‘তার প্রতিটি গানেই গল্প এত জীবন্ত হয়ে উঠত যে শ্রোতারা সহজেই সেই জগতে ঢুকে পড়তে পারতেন।’
পুরস্কার বিতরণের পাশাপাশি টেইলরের নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওও প্রথমবার দেখানো হয় অনুষ্ঠানে। ভিডিওটিতে অভিনয় করেছেন কলিন ফ্যারেল ও ডাকোটা জনসন।
গানটিতে এক নারীকে তার সঙ্গীর ব্যাপারে সতর্ক করতে দেখা যায় টেইলরকে। সেই পুরুষের সঙ্গে নিজের অতীত সম্পর্কের কথাও উঠে আসে গানে।
টেইলর সুইফটের জন্য ২০২৬ সালটা যেন একের পর এক সাফল্যের গল্প লিখে চলেছে। ট্রাভিস কেলসিকে বিয়ে করার কয়েক মাসের মধ্যেই এবার সংগীতজগতের আরেকটি বড় রেকর্ড নিজের করে নিলেন এই মার্কিন পপ তারকা।