চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’

টম ক্রুজ ভক্তরা এরইমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন তার নতুন সিনেমার খবর। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’। এই সিনেমায় অন্যরকম এক চমক হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ।

ইতোমধ্যে সিনেমার ট্রেলার দেখে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি।

টম ক্রুজ বরাবরই চোখধাঁধানো সুদর্শন এক নায়ক। সেই সঙ্গে আছে অসম্ভব সব স্টান্ট, দুর্বার গতি আর ‘মিশন: ইম্পসিবল’-এর ইথান হান্ট। চার দশকেরও বেশি সময় ধরে তিনি নিজেকে গড়ে তুলেছেন এমন এক তারকায়, যিনি বয়সকে অগ্রাহ্য করে অ্যাকশন সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছেন। কিন্তু এবার সম্পূর্ণ নতুন এক চেহারায় পর্দায় আসছেন তিনি।

ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় পর্দায় দেখা যাবে তাকে। ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা রীতিমত বিস্মিত তার এই রূপান্তর দেখে।

সিনেমাটি নিয়ে আলোচনার বড় কারণ শুধু মেকআপ নয়, বরং টম ক্রুজের দীর্ঘদিনের তারকাসুলভ ইমেজ থেকে বেরিয়ে আসার ইচ্ছা।

টম ক্রুজ নিজেও জানিয়েছেন, চরিত্রটি তৈরি করতে তিনি পোশাক, মেকআপ, দাঁতের গঠন, হাঁটার ধরন, এমনকি সঙ্গীতের ছন্দ পর্যন্ত নিয়ে নির্মাতার সঙ্গে বিস্তারিত কাজ করেছেন। তিনি মনে করেন, একটি চরিত্র শুধু সংলাপ দিয়ে তৈরি হয় না। চরিত্রের প্রতিটি দৃশ্যমান উপাদান গল্প বলার অংশ হয়ে ওঠে।

তিনি মনে করেন, চার দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা তাকে এই চরিত্রে পৌঁছাতে সাহায্য করেছে।