প্লেবয় ম্যাগাজিন প্রতিষ্ঠাতার স্ত্রী চরিত্রে জেসিকা, সিদ্ধান্ত বদলের অনুরোধ ক্রিস্টালের

প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনারের স্ত্রী চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অভিনেত্রী জেসিকা বিয়েলকে অনুরোধ করেছেন হেফনারের বিধবা স্ত্রী ক্রিস্টাল হ্যারিস। আসন্ন সিনেমা ‘প্লেমেটস’-এ হেফনারের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য জেসিকা বিয়েলের নাম ঘোষণা করা হয়েছে। এপরেই এই অনুরোধ জানান অভিনেত্রীকে।

জেসিকা বিয়েলের কাস্টিংয়ের খবর প্রকাশ্যে আসার পর ইনস্টাগ্রামে তাকে উদ্দেশ করে একটি বার্তা দেন ক্রিস্টাল। সেখানে তিনি জানান, বাস্তব জীবনে তিনি যৌন, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

ক্রিস্টাল হ্যারিস লেখেন, এই সিনেমায় যদি হিউ হেফনার বা প্লেবয় জগতকে রোমান্টিকভাবে তুলে ধরার পরিকল্পনা থাকে, তাহলে দয়া করে তার স্ত্রীর চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুন। আমি বাস্তবেই তার স্ত্রী ছিলাম এবং সেই সম্পর্কে যৌন, মানসিক, আর্থিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।’

নারী ধর্ষণ, জবরদস্তি, মাদক প্রয়োগ ও শোষণের অভিযোগ সামনে আনেন ক্রিস্টাল। এরপর তিনি লেখেন, হলিউড যাতে অতীতকে আবার নস্টালজিয়ার মোড়কে ফিরিয়ে আনতে না পারে, সে জন্য সবার কাছে আমার অনুরোধ, তারা যেন প্রথমে সেই নারীদের অভিজ্ঞতার কথা শোনেন, যারা নিজেরা এসবের মধ্য দিয়ে গেছেন।

২০১৭ সালে হিউ হেফনারের মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন ক্রিস্টাল হ্যারিস। পরে ২০২৪ সালে প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘অনলি সে গুড থিংস: সারভাইভিং প্লেবয় অ্যান্ড ফাইন্ডিং মাইসেল্ফ’-এ প্লেবয় ম্যানশনে কাটানো সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। সেখানে প্রাসাদটির পরিবেশকে ‘বিষাক্ত’ বলে বর্ণনা করেন ক্রিস্টাল।

‘প্লেমেটস’ সিনেমাটি পরিচালনা করছেন জ্যাক নিকোলসনের মেয়ে লরেন নিকোলসন। সিনেমাটিতে হিউ হেফনারের চরিত্রে অভিনয় করবেন বিল পুলম্যান। এ ছাড়া লিলি-রোজ ডেপ ও ‘দ্য হাউসমেইড’ সিনেমার অভিনেত্রী ইন্ডিয়ানা এলেরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে।

সূত্র: ভ্যারাইটি