গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ

নতুন গান নিয়ে ফিরছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তার নতুন গান ‘প্রুফ অব লাভ’-এ উঠে আসবে ভালোবাসা, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর বেদনার গল্প। গানটিকে আনন্দময় সুরে সাজিয়েছেন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লোপেজ জানান, সাবেক স্বামী মার্ক অ্যান্থনির সঙ্গে যমজ সন্তান ম্যাক্স ও এমে মুনিজ কলেজে পড়তে যাওয়ার পর আবারও গান লেখা ও রেকর্ডিংয়ে মনোযোগী হন তিনি।

লোপেজ বলেন, সন্তানরা দীর্ঘদিন জীবনের বড় একটি অংশজুড়ে থাকে। তারা চলে যাওয়ার পর জীবনে শূন্যতা তৈরি হয়। সেই সময় তিনি আবার স্টুডিওতে ফিরে যান। নতুন গানগুলো আনন্দময় হলেও এর মধ্যে বিষণ্নতার ছোঁয়াও রয়েছে।

‘প্রুফ অব লাভ’ গানটি আগামী নভেম্বরে প্রকাশিত হতে যাওয়া তার ২০১১ সালের অ্যালবাম ‘লাভ?’-এর প্রথম ভিনাইল সংস্করণে বোনাস ট্র্যাক হিসেবে যুক্ত হবে।

গানটি সম্পর্কে লোপেজ জানান, প্রিয়জন চলে গেলে যে কষ্ট ও শোক অনুভূত হয়, সেটিও ভালোবাসার প্রমাণ। তিনি এই বেদনাকে কেবল দুঃখের অনুভূতি হিসেবে নয়, ভালোবাসার চিহ্ন হিসেবেও তুলে ধরতে চেয়েছেন।

এদিকে ‘লাভ’ অ্যালবামের তিনটি ভিনাইল সংস্করণের প্রি-অর্ডার শুরু হয়েছে ২৮ অক্টোবর।

অন্যদিকে, লোপেজের নতুন কনসার্ট ফিল্ম ‘দ্য জে-লো শো: লাইভ ইন ভেগাস’ আগামী ২৬ নভেম্বর সিবিএসে প্রচারিত হবে। একই সঙ্গে এটি প্যারামাউন্ট প্লাসেও দেখা যাবে।