নিজের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পপসংগীতের জনপ্রিয় তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো আচরণ করার অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী।
ইনস্টাগ্রাম পোস্টে ব্রিটনি ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একটি শিশু ক্যামেরার বাইরে থাকা কাউকে আঙুল দেখাচ্ছে। ছবিটির ক্যাপশনে দীর্ঘ একটি লেখায় পরিবারের সদস্যদের নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ব্রিটনি লেখেন, ‘আমি নতুন একটি পরিবার খুঁজে নেবো! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলে জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর সন্তানদের বাড়ি থেকে নিয়ে আসার সময় কেভিন আমাকে বাথরুমও ব্যবহার করতে দিত না।’
তিনি আরও লেখেন, ‘তারা আমাকে দাসের মতো অনুভব করিয়েছে। আমার পেছনে তারা কী কী গোপন কাজ করেছে, সেসবও আমার জানা আছে। অথচ আমি সারাজীবন শুধু বাবার জন্য কাজ করে গেছি! আমি নতুন একটি পরিবার খুঁজে নেবো।’
এর আগে সাম্প্রতিক এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল। পরে আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির সময় তাকে বাইরে নিয়ে যাওয়া হয়।
ওই ঘটনাকে একটি ‘বড় ধরনের ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছিলেন তিনি। সেখানে নিজের চারপাশের মানুষদের আচরণ নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন এই তারকা।