ছোটপর্দার অভিনেত্রী লারা লোটাস। একটা সময় টিভি নাটকের নিয়মিত মুখ ছিলেন তিনি। ২০২৩ সালে বাবাকে হারানোর পর থেকে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে এখন আবার কাজ শুরু করেছেন বলে জানান অভিনেত্রী।
এর মধ্যে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন লারা। ‘জানালার ওপারে কেউ নেই’ শিরোনামে সিনেমাতে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন আলী জুলফিকার জাহেদী।
লারা লোটাস বলেন, ‘আমি অনেক দিন অভিনয়ে কিছুটা অনিয়মিত ছিলাম। এখন থেকে আবারও নিয়মিত কাজ করতে চাই। দারুণ একটি গল্পে এ সিনেমাটি নির্মিত হচ্ছে। এর আগে এ নির্মাতার ‘কাগজ’ সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। আমি আশা করছি এ সিনেমাটিও দর্শকের ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুর দিকে পারিবারিক গল্পের নাটকে নিয়মিত কাজ করেছি। এখন আবার অনেক নির্মাতা পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। যদি মনের মতো কোনও চরিত্র পাই তাহলে সেটি করবো।’
‘আশ্রয়’, ‘পোড়া মাটির গল্প’, ‘মহল্লার বড় ভাই’, ‘তাল বাহানা’ ও ‘বৌ তরণী’, ‘রমিজের আয়না’, ‘কাছের মানুষ’ ও ‘লাবণ্যপ্রভা’সহ অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে লারাকে। হুমায়ুন আহমেদের লেখা ‘শুভ্র’নাটকেও তিনি অভিনয় করেন।
নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার