সৌদি আরবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ও কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে ‘কৌশলগত অংশীদারত্ব’ ঘোষণা করা হয়েছে। এই অংশীদারত্বের আওতায় কায়রো চলচ্চিত্র উৎসবে চালু হবে রেড সি চলচ্চিত্র উৎসবের বিশেষ পুরস্কার। পাশাপাশি আরব অঞ্চলের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণেও যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
রেড সি ফিল্ম ফাউন্ডেশন ও কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই উৎসবের মধ্যে চলচ্চিত্র প্রদর্শনী, পুরস্কার প্রদান এবং চলচ্চিত্র সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে।
এদিকে রেড সি চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসর বাতিলের ঘোষণার পর এ অংশীদারত্বের খবর সামনে এলো। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বৃদ্ধি এবং সৌদি আরবের কয়েকটি শহরে তাদের হামলার পর দেশটির অস্থিতিশীল পরিস্থিতির কারণে উৎসবটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেড সি চলচ্চিত্র উৎসব জানিয়েছে, ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে নতুন পরিকল্পনা ও আয়োজন নিয়ে ফিরে আসবে তারা। সৌদি আরব, আরব অঞ্চল এবং বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও নির্মাতাদের উদ্যাপন করাই থাকবে তাদের মূল লক্ষ্য।
২০২৭ সাল থেকে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেড সি চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে। রেড সি উৎসবের প্রতিযোগিতা ও প্রদর্শনী বিভাগ থেকে নির্বাচিত একটি অসাধারণ চলচ্চিত্রকে এ পুরস্কারে সম্মানিত করা হবে। এর মাধ্যমে দুই উৎসবের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
চুক্তির আওতায় দুই উৎসব একে অপরের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ তৈরি করবে। এর মধ্যে রেড সি ফান্ডের সহায়তায় নির্মিত চলচ্চিত্রও থাকবে। এতে চলচ্চিত্রগুলো আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর পাশাপাশি নির্মাতাদের নতুন দর্শক ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।
চলচ্চিত্র সংরক্ষণ ও সাংস্কৃতিক বিনিময়ও এই অংশীদারত্বের অন্যতম লক্ষ্য। দুই প্রতিষ্ঠান পুনরুদ্ধার করা চলচ্চিত্র বিনিময় করবে। ২০২৭ সালের রেড সি চলচ্চিত্র উৎসবের পর কায়রোতে সপ্তাহব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।
রেড সি ফিল্ম ফাউন্ডেশন ইতোমধ্যে ২০টির বেশি চলচ্চিত্র পুনরুদ্ধারে সহায়তা করেছে। এর মধ্যে মিসরীয় চলচ্চিত্রের উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে। ইউসুফ শাহিন পরিচালিত ‘দ্য চয়েস’ (১৯৭১), ‘ওয়াচ আউট ফর জুজু’ (১৯৭২) এবং ‘লাভ ইন কারনাক’ (১৯৬৭) উল্লেখযোগ্য।
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান হুসেইন ফাহমি বলেন, ‘প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদ্যাপনের এই সময়ে এ অংশীদারত্ব আরব চলচ্চিত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় উন্মোচন করবে।’
রেড সি ফিল্ম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল বালতিউর বলেন, ‘আরব চলচ্চিত্রের ইতিহাসে মিসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখনও এ অঞ্চলের চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অসাধারণ চলচ্চিত্রকে সমর্থন, নির্মাতাদের নতুন সুযোগ তৈরি এবং চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণের অভিন্ন লক্ষ্য নিয়ে এই অংশীদারত্ব আরও শক্তিশালী করতে পেরে আমরা গর্বিত।’
সূত্র: ভ্যারাইটি