‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব

হলিউডের দুই বড় প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল ও ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের মধ্যে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। কারণ, প্রায় একই রকম নামের দুটি সিনেমা একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠান দুটি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে জানিয়েছে ভ্যারাইটি।

সিনেমা দুটি হলো অলিভিয়া ওয়াইল্ড পরিচালিত ক্রিসমাস কমেডি ‘নটি’ (Naughty), যেখানে অভিনয় করছেন জেনিফার অ্যানিস্টন। অন্যটি মেরি ব্রনস্টেইন পরিচালিত মনস্তাত্ত্বিক ড্রামা ‘ন্যাস্টি’ (Nasty)। এতে প্রধান চরিত্রে রয়েছেন জেনা ওর্তেগা।

দুটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইউনিভার্সাল ২০২৩ সালে ‘নটি’ নামটি মোশন পিকচার অ্যাসোসিয়েশনে (এমপিএ) নিবন্ধন করে। সিনেমাটি তারা ২০২৭ সালের ৫ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করেছে। অন্যদিকে, ক্লকওয়ার্ক এখনও ‘ন্যাস্টি’র মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে সংশ্লিষ্ট চারটি সূত্র জানিয়েছে, এ সিনেমাটিও ২০২৭ সালের নভেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সাধারণত একই রকম শোনায় এমন নামের সিনেমা একই সময়ে মুক্তি দেওয়া এড়িয়ে চলে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবে ‘নটি’ ও ‘ন্যাস্টি’র গল্প কিংবা বিষয়বস্তুর মধ্যে কোনও মিল নেই।

জেনিফার অ্যানিস্টন ও পিটার ডিংকলেজ অভিনীত ‘নটি’ একটি হাস্যরসাত্মক ক্রিসমাস সিনেমা। অন্যদিকে, ‘ন্যাস্টি’তে একজন প্রতিভাবান জিমন্যাস্টের গল্প তুলে ধরা হয়েছে।

তবে ইউনিভার্সাল ও ওয়ার্নার ব্রাদার্সের সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, সিনেমা দুটির নাম প্রায় সমার্থক হওয়ায় দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিষয়টিকে আরও জটিল করে তুলেছে মার্গট রবির প্রযোজনা প্রতিষ্ঠান লাকি চ্যাপের সংশ্লিষ্টতা। প্রতিষ্ঠানটি দুটি সিনেমারই প্রযোজনার সঙ্গে যুক্ত। এ বিষয়ে ইউনিভার্সাল ও ক্লকওয়ার্ক কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

নাম নিয়ে এই বিরোধের সমাধান হতে পারে এমপিএর আনুষ্ঠানিক পর্যালোচনার মাধ্যমে। এ ধরনের বিরোধ মেটানোর জন্য এমপিএর অধীনে ১০১ বছর পুরোনো একটি বিভাগ রয়েছে, যার নাম টাইটেল রেজিস্ট্রেশন ব্যুরো (টিআরবি)।

সেখানে স্টুডিওগুলোর মেধাস্বত্ববিষয়ক আইনজীবীদের নিয়ে গঠিত একটি প্যানেল বিরোধের বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয়। সিনেমার নাম কপিরাইটের আওতাভুক্ত না হলেও টিআরবির এ বিষয়ে ৫০ পৃষ্ঠার একটি নীতিমালা রয়েছে। এতে আগের বিরোধগুলোর নজির ও সিদ্ধান্তও অন্তর্ভুক্ত রয়েছে। এ বিভাগের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক।

ইউনিভার্সালের দাবি, ‘নটি’ নামটি আগে নিবন্ধন করায় নামটির ওপর তাদের অগ্রাধিকার থাকা উচিত। সে ক্ষেত্রে ‘ন্যাস্টি’র নাম পরিবর্তন করতে হবে, অথবা মুক্তির তারিখ পিছিয়ে দিতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ‘ন্যাস্টি’র জন্য এমপিএর নথিতে বিকল্প দুটি নামও জমা দিয়েছিল ক্লকওয়ার্ক। তবে নির্মাতারা বিকল্প নাম ব্যবহার করতে আগ্রহী নন।

অন্যদিকে, ‘ন্যাস্টি’র সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ইউনিভার্সাল ছোট প্রযোজনা প্রতিষ্ঠান ক্লকওয়ার্কের ওপর অযথা চাপ সৃষ্টি করছে। কারণ, জেনিফার অ্যানিস্টন অভিনীত বড় বাজেটের কমেডি সিনেমাটির মতো ইন্ডি ড্রামাটির বাণিজ্যিক সম্ভাবনা ব্যাপক নয়।

যদিও ক্লকওয়ার্ক একটি বিশেষায়িত প্রযোজনা লেবেল, এটি পরিচালিত হয় বড় প্রতিষ্ঠান স্কাইড্যান্স মোশন পিকচার গ্রুপের অধীনে।