ঢাকায় আসছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়ের সতীর্থ ছিলেন তিনি।
ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
‘সকারামা’ কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার।
কনসার্টের খবর জানিয়ে চিরকুট ব্যান্ডের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘১৯৯০ এবং ১৯৯৪ সালের বিশ্বকাপ কাঁপানো আর্জেন্টাইন সুপারস্টার ক্লদিও ক্যানিজিয়া আসছেন ঢাকায়, ১৮ আগস্ট। কী এক অনবদ্য ডিটারমিনেশন আর অরা নিয়ে খেলতেন তিনি! তার জন্য পারফর্ম করবো, সুপার এক্সাইটেড। বিশ্ব ফুটবলের গ্লোরিয়াস এই আইকনকে সেলিব্রেট করতে আয়োজন করা হচ্ছে কনসার্ট সকারামা, যেখানে চিরকুট লাইভ গাইবে ইউনাইটেড কনভেনশন সেন্টারে।’
‘সকারামা’ কনসার্টটি আয়োজন করছে লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড। ১৮ আগস্ট বেলা ৩টা থেকে শুরু হবে এই কনসার্ট।
আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ফটুবলার ক্লদিও ক্যানিজিয়া। কনসার্টে উপস্থিত ১০০ জন ভাগ্যবান দর্শক পাবেন ক্যানিজিয়ার সঙ্গে কথা বলা, অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলার সুযোগ।
ইতোমধ্যেই শুরু হয়েছে সকারামা কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট।
মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা (সিলভার), ৩ হাজার টাকা (গোল্ড) এবং ১০ হাজার টাকা (প্লাটিনাম)। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইতে পাওয়া যাচ্ছে টিকিট।