সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম

অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা রয়েছে। এই কনসার্টে জেমসের সঙ্গে পারফর্ম করবেন ওপার বাংলার ব্যান্ড ‘ফসিলস’র রূপম ইসলাম।

কনসার্টটি উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, তারা ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছেন।

ভিডিওতে ভক্তদের আমন্ত্রণ জানিয়ে জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’

এদিকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেমসের সঙ্গে একটি ছবি পোস্ট করে রূপম ইসলাম লিখেছেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি— আসছো তো সবাই?’

বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। গত জুলাইয়ের শেষ সপ্তাহে গান নিয়ে ইউরোপ ট্যুর শুরু করেছেন ‘নগর বাউল’ জেমস। ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হয় তার এই গান ভ্রমণ। এরপর পর্তুগাল, সাইপ্রাস, রোম, ভেনিসে দেখা যায় তাকে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টে একসঙ্গে একই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল জেমস ও রূপম ইসলামকে।