জুবিনের মৃত্যুদিনে নতুন গান ‘ফেলে আসা’, সঙ্গে রত্না সাহা

শনিবার (১৯ সেপ্টেম্বর) ছিল ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুদিন। গত বছরের এই দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। বাংলাদেশসহ পৃথিবীর আরও অনেক দেশের শ্রোতারাই বুঁদ হয়ে থাকেন তার গানে।

শিল্পীর প্রয়াণ (১৯ সেপ্টেম্বর) দিবসে প্রকাশ হলো তার নতুন গান ‘ফেলে আসা’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গায়িকা রত্না সাহা।

গানটির কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন এবং সংগীতায়োজনে শুভায়ু ভট্টাচার্য। এটির ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। এতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছে রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।

প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিন গার্গের সঙ্গে গানটি গাওয়ার সুযোগ পান রত্না সাহা। জুবিনের গান শুনে বেড়ে ওঠা রত্নার কাছে তার সঙ্গে গান গাওয়ার সুযোগ ছিল দীর্ঘদিনের এক স্বপ্ন। সেই স্বপ্ন একসময় পূরণও হয়। তবে গানটি প্রকাশের আগেই পৃথিবী ছেড়ে যান নন্দিত এই শিল্পী।

গানটি নিয়ে রত্না সাহা বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। আমি জুবিন গার্গ দাদার গান শুনে বড় হয়েছি। স্বপ্ন ছিল তার সঙ্গে একটি গান গাইবো। সেটা করতে পেরে অনেক খুশি। তবে তিনি বেঁচে থাকলে হয়তো এই সময় তার অনুভূতি জানতে পারতাম। সেটা আমার জন্য একটা বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন, এটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।’

ফরিদপুরে জন্ম নেওয়া রত্না সাহা ২০২৪ সালে ‘এ কেমন মায়া’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একক ও দ্বৈত—দুই ধরনের গানেই নিজের পথ তৈরি করেছেন তিনি। এ পর্যন্ত তার গাওয়া ৫৬টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। গেয়েছেন আকাশ সেন, কাজী শুভ, মাহতিম শাকিবের মতো শিল্পীদের সঙ্গেও।

‘ফেলে আসা’ গানটি উন্মুক্ত হয়েছে ‘রত্না সাহা’ ইউটিউব চ্যানেলে।